শান্তিনিকেতন এলাকার বাসিন্দা গাড়ি চালক মনু চৌধুরী ও তাঁর ভাড়া গাড়ির খোঁজে অসম যাচ্ছে পুলিশ। জেলা পুলিশ সূত্রের খবর, অসমের কার্বিআংলং জেলার ওই গাড়ির হদিশ মিলেছে। বৃহস্পতিবার গভীর রাতে নিখোঁজ চালক মনু চৌধুরীর দাদা অর্জুন চৌধুরী এবং তাঁর এক বন্ধু ভাই গাড়ির হদিস পেতে অসমের উদ্দেশে গিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের এক নম্বর ওয়ার্ডের মকরমপুরের বাসিন্দা মাধব সিংহের গাড়ি চালাতেন মনু । গত ২১ অগস্ট বোলপুরের ডাকবাংলো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ভাড়ায় মুর্শিদাবাদের হাজারদুয়ারী যান। পরের দিন ফেরার কথা থাকলেও, তিনি ফেরেননি। ওই দিন গভীর রাতে বোলপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ জানান গাড়ি মালিক ও মনুর বাবা নির্মল চৌধুরী।