Kalbaishakhi in West Bengal

কালবৈশাখীর পূর্বাভাস শনিবারও! ৬০ কিমি বেগে ঝড় হতে পারে ছয় জেলায়, সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি, চলবে কত দিন?

শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৯:৪৭
Share:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।

শুক্রবার রাতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। ঝড়ের তাণ্ডবে একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়েছে। রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কিছু এলাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাত ১২টার পর লাল সতর্কতা জারি করা হয়েছিল। দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরে সময়ে অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও। প্রায় ৫৫ মিনিট সেটি আকাশে চক্কর কেটেছে। শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিট নাগাদ শাহ কলকাতায় নামেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও শহরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার ঝড়বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি রয়েছে হলুদ সতর্কতা। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়।

শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার। সে দিন সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সমুদ্রে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৬০ কিলোমিটারেও। শনিবার পর্যন্ত তাই উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে। তার পর ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত।

Advertisement

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। আপাতত দু’দিন তাপমাত্রা কিছুটা কমে ফের উত্তরবঙ্গের পারদও ঊর্ধ্বমুখী হবে।

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement