রবিবার, ১৫ মার্চ দ্বিতীয় হুগলি সেতুতে ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। — ফাইল চিত্র।
দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) আবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে রবিবার। সংস্কারের জন্য ওই সেতু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
কলকাতা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় হুগলি সেতুর বিয়ারিং, কেবল-সহ বিভিন্ন অংশের মেরামতি চলবে। সে কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেতু। ওই সেতু বন্ধ থাকায় বিকল্প যে সব রাস্তায় গাড়ি চলাচল করবে, তা-ও জানানো হয়েছে।
জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।
জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।
কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।
দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালে। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ ওই সংস্থার দায়িত্ব।