SIR in West Bengal

আগে ভোটার তালিকা, তার পর প্রার্থিতালিকা, জানিয়ে দিলেন সেলিম! সিইও দফতরের সামনে রাতভর অবস্থান-বিক্ষোভে বামেরা

বুধবার বিকালে টি বোর্ডের সামনে থেকে মিছিল শুরু হয়ে যায় সিইও দফতরের সামনে। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, লিবারেশনের কার্তিক পাল, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২১:০৮
Share:

বুধবার সিইও দফতরের সামনে বামেদের মিছিলে বিমান বসু সহ অন্যান্য নেতারা। —নিজস্ব চিত্র।

ভোটার তালিকা চূড়ান্ত না-হওয়া পর্যন্ত প্রার্থিতালিকার প্রসঙ্গ নেই বলে জানিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সেলিমকে বামেদের প্রার্থিতালিকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আগে ভোটার তালিকা, তার পর প্রার্থিতালিকা। আগে মানুষ। সবার উপরে মানুষ সত্য।’’ কয়েক দিন আগেই সেলিম বলেছিলেন, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে দলের প্রার্থিতালিকা চূড়ান্ত হয়ে যাবে। সূত্রের খবর, তার অনেকটা হয়েও গিয়েছে। তবে সেলিম স্পষ্ট করেছেন, আগে ভোটার তালিকা চূড়ান্ত হবে, তার পর প্রার্থিতালিকা নিয়ে তাঁরা যা বলার বলবেন।

Advertisement

এসআইআরে কমিশন প্রকাশিত ভোটার তালিকায় ৬০ লক্ষের বেশি মানুষের নাম ‘বিবেচনাধীন’। এ নিয়ে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করল বামেরা। রাতভর অবস্থান চলবে নেতাজি সুভাষ রোডে সিইও দফতরের সামনে। বৃহস্পতিবার সেখানেই সমাবেশ ডেকেছে বামেরা।

বুধবার বিকালে টি বোর্ডের সামনে থেকে বামেদের মিছিল শুরু হয়ে যায় সিইও দফতরের সামনে। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, লিবারেশনের কার্তিক পাল, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ। বেশ কিছু ক্ষণ চলে বক্তৃতা। তার পর রাস্তাতেই ত্রিপল পেতে ইফতার পার্টির আয়োজন হয়। সেখানে অংশগ্রহণ করেন দলের সেলিম-সহ বাম নেতাকর্মীরা।

Advertisement

বিক্ষোভের মাঝেই বাম নেতাকর্মীদের সঙ্গে ইফতার সারলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। —নিজস্ব চিত্র।

বামফ্রন্টভুক্ত দলগুলির পাশাপাশি এই কর্মসূচিতে রয়েছে ফ্রন্টের বাইরে থাকা সিপিআইএমএল (লিবারেশন) এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। বুধবার যখন টি বোর্ডের সামনে বামেরা জমায়েত শুরু করেছে, প্রায় সেই সময়েই মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন সিপিএম কর্মী মুস্তারি বানু। মুস্তারিই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে প্রথম মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের সমাবেশে তিনি থাকবেন।

সন্ধ্যার পরে অবস্থান চলাকালীনই কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক সেলিমের সঙ্গে কথা বলতে যান অবস্থান তুলে নেওয়ার জন্য। কিন্তু সেলিম তাঁকে জানিয়ে দেন, যত ক্ষণ না মনোজ দেখা করছেন, তাঁরা তাঁদের স্মারকলিপি দিচ্ছেন, তত ক্ষণ অবস্থান চলবে।

এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘সেকুলারি়জ়ম (ধর্মনিরপেক্ষতা) নিপাত যাক’ মন্তব্য নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে সিপিএম। মঙ্গলবার ভবানীপুরে দোলের অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন শুভেন্দু। সিপিএমের যুব নেতা সৈনিক শূর মঙ্গলবারই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার পৃথক অভিযোগ দায়ের হয়েছে ভবানীপুর থানাতেও। সূত্রের খবর, অবস্থান-বিক্ষোভের স্থলেই সৈনিককে ডেকে সেলিম বুধবার জানিয়ে দিয়েছেন, এর পর মামলার পথে যাবে দল। হতে পারে সেই মামলায় সিপিএম সামনে রাখা হবে সৈনিককেই। যদিও শুভেন্দুর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘শুভেন্দু অধিকারী সংবিধান লঙ্ঘন করার মতো কোনও বক্তব্য রাখেননি। তিনি যা বলেছেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন। যাঁদের কোনও কাজ নেই, যাঁরা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, তাঁরা ওর বিরুদ্ধে ডায়েরি করে একটু বাজারে থাকার চেষ্টা করছেন। কারণ শুভেন্দু নেতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement