Unwanted Advertisements

রেলের পরিসরে অবাঞ্ছিত বিজ্ঞাপন নিয়ে কড়াকড়ি, চালু নয়া নীতি

নতুন নীতিতে বলা হয়েছে, রেলের পরিসরে মাদক দ্রব্য, মদ, তামাক ছাড়াও আপত্তিকর বার্তাযুক্ত বিভিন্ন বিজ্ঞাপন এবং অশালীন বিজ্ঞাপন লাগানোয় রাশ টানতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৯:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রেলের পরিসরে বিভিন্ন বিজ্ঞাপনের ছবি এবং বার্তা প্রায়ই যাত্রীদের চোখের অস্বস্তি বাড়ায় বলে অভিযোগ শোনা যায়। ট্রেনের কামরার ভিতরে ছাড়াও যাতায়াতের পথে নানা ধরনের বিজ্ঞাপন যাত্রীদের নজরে আসে। স্টেশন, প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, ট্রেনের কামরার বাইরে এবং ভিতরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে লাগানো ওই সব অবাঞ্ছিত বিজ্ঞাপনের উপরে রাশ টানতে এ বার পৃথক নীতি প্রণয়ন করেছে ভারতীয় রেল।

নতুন নীতিতে বলা হয়েছে, রেলের পরিসরে মাদক দ্রব্য, মদ, তামাক ছাড়াও আপত্তিকর বার্তাযুক্ত বিভিন্ন বিজ্ঞাপন এবং অশালীন বিজ্ঞাপন লাগানোয় রাশ টানতে হবে। ওই সব বিজ্ঞাপন কোনও ভাবেই রেলের পরিসরে লাগানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলের এলাকায় অনুমোদিত পরিসরে বিভিন্ন ফ্লেক্স এবং হোর্ডিংয়ের মাধ্যমে দেওয়া বিজ্ঞাপন থেকে রেলের যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় হয়। নতুন নীতি অনুযায়ী, যে কোনও বিজ্ঞাপন নির্দিষ্ট পরিসরে বসানো বা লাগানোর জন্য রেলের কাছে এলে, তা যাচাই করে তবেই অনুমোদন দিতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করলে তবেই মিলবে অনুমোদন।

সূত্রের খবর, আগের ব্যবস্থাতেও বিজ্ঞাপন সংক্রান্ত কিছু নিয়মকানুন ছিল। নতুন ভাবে তা ঘষামাজা করে আগের চেয়ে কঠোর করা হয়েছে বলে রেল সূত্রের খবর। তবে, রেলের কামরার ভিতরে, বাইরে, আসা-যাওয়ার পথে, শৌচালয়ে অনুমোদনহীন অসংখ্য বিজ্ঞাপন চোখে পড়ে। অনেক ক্ষেত্রেই যা যাত্রীদের সফরের পথে অস্বস্তি এবং বিরক্তির কারণ হয়। ওই সব বিজ্ঞাপন থেকে রেলের কোনও আয় হয় না বলেই অভিযোগ।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে, ট্রেনের বাইরে-ভিতরে অশালীন বিজ্ঞাপন সাঁটানো রুখতে একাধিক বার অভিযানও চালানো হয়েছে। রেলের তৎপরতায় ওই সব বিজ্ঞাপনের রমরমা সাময়িক ভাবে বন্ধ হয়েছে। পরে নজরদারি কিছুটা শিথিল হতেই আবার সে সব ফিরে এসেছে।

রেলের আশ্বাস, বিজ্ঞাপন সংক্রান্ত নতুন নীতির ফলে রেলের অনুমোদিত পরিসরে মাদক, মদ, ছাড়াও বিভিন্ন অশ্লীল এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন বহুলাংশে কমে আসবে। পাশাপাশি, অনুমোদনহীন ভাবে যে সব বিজ্ঞাপন পোস্টারের আকারে সাঁটানো হয়, সে সবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। অভিযুক্তদের বিরুদ্ধে রেলের আইনেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন