SIR in West Bengal

‘আপনার বাবা, মা, ভাই কে তা আমরা স্থির করব?’ এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতির বিরুদ্ধে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারী জিমফারহাদ নওয়াজের আর্জি খারিজ করে বলেছে, ‘‘আপনি কি চান যে আমরা ৩২ অনুচ্ছেদের একটি আবেদনের অধীনে আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই কে তা স্থির করি?’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘তথ্যগত অসঙ্গতি’ (লজিক্যাল ডিসক্রিপেন্সি) সংক্রান্ত নির্দেশিকার বিরুদ্ধে একটি আবেদন সোমবার খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ আবেদনকারী জিমফারহাদ নওয়াজের আর্জি খারিজ করে বলেছে, ‘‘আপনি কি চান যে আমরা ৩২ অনুচ্ছেদের একটি আবেদনের অধীনে আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই কে, তা স্থির করি? নির্বাচন কমিশনে যান।’’

Advertisement

ভারতীয় সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ (‘সাংবিধানিক প্রতিবিধানের অধিকার’, যা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার দেয়) অনুযায়ী ‘তথ্যগত অসঙ্গতি’-র প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো যায় কি না, তা নিয়েও সোমবার প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। আবেদনকারী নওয়াজের অভিযোগ ছিল, এসআইআর-এ ‘তথ্যগত অসঙ্গতি’ সংক্রান্ত পদক্ষেপ সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা এবং সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার মৌলিক অধিকার) এবং ৩২৪ নম্বর অনুচ্ছেদের (নির্বাচন কমিশনকে সংসদ, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতির নির্বাচনের ভোটার তালিকা তৈরি, তদারকি, নির্দেশিকা এবং নিয়ন্ত্রণের চূড়ান্ত ক্ষমতা প্রদানকারী আইন) পরিপন্থী। কিন্তু সেই যুক্তি খারিজ করেছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এসআইআর-পর্বে তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দফতর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে। সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। কমিশন সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠিয়ে তলব করে শুনানি হয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement