Israel-Palestine Conflict

গাজ়ার পরে আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড দখলে তৎপর হল ইজ়রায়েল, আইন বদল নেতানিয়াহু সরকারের

প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের প্রয়াত নেতা ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড দখলে তৎপর ইজ়রায়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
Share:

ইজ়ারায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

গাজ়ার পরে এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্কে ‘নজর’ ইজ়ারায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ওই ভূখণ্ডকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করার প্রস্তাব সোমবার ইজ়রায়েল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। ওই প্যালেস্টাইনি ভূখণ্ডে অবৈধ ইহুদি দখলদারদের স্থায়ী বসতি গড়ে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নেতানিয়াহু গত বছর মে মাসে ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি জনবসতি সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটৎজ় এবং অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোত্রিচ জানিয়েছিলেন, ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে ২২টি ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তেল আভিভের অনুমোদন না নিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশে আগে থেকেই যে ইহুদি বসতি গড়ে উঠেছে, সেগুলিকেও আইনি বৈধতা দেওয়ার কথা জানিয়েছিলেন তাঁরা। সেই ঘোষণা কার্যকরের লক্ষ্যেই এ বার সক্রিয় হল তেল আভিভ।

আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনি মুসলিমদের প্রাচীন বসতি ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে ইজ়রায়েল। প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডের বাকি অংশ। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত পরিচালনা করেন। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল। ২০০২ সালের পরে ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা ওয়েস্ট ব্যাঙ্কের কিছু এলাকার দখল নিয়েছিল। এ বার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের প্রস্তাব মেনে ওয়েস্ট ব্যাঙ্ককে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করা হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement