Nisith Pramanik

হাই কোর্টে না গিয়ে এখানে কেন? কিসের ভয়? আগাম জামিন মামলায় নিশীথকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১২:৩৫
Share:

নিশীথ প্রামাণিক।

কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাঁর রক্ষাকবচ খারিজ করে দিয়েছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতার করায় বাধা নেই বাংলার পুলিশের। এই প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কোচবিহারের সাংসদ। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।

Advertisement

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন নিশীথ। কিন্তু এ বছরের গোড়ায় নিশীথের সেই আবেদন খারিজ করে দেয় সার্কিট বেঞ্চ। খাতায়কলমে তার পর থেকেই অমিত শাহের ডেপুটিকে গ্রেফতারিতে বাধা ছিল না পুলিশের। তার পরেই আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ।

বৃহস্পতিবার নিশীথ এই মামলা করেন। তার প্রেক্ষিতে বাংলার সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। শুক্রবার মামলার শুনানি হতে পারে। মামলা চলাকালীনই বিচারপতি বেলা এম ত্রিবেদী নিশীথকে প্রশ্ন করেন, ‘‘আপনি কেন হাই কোর্টের দ্বারস্থ হলেন না? কিসের আশঙ্কা করছেন আপনি?’’ তার জবাবে নিশীথের আইনজীবী বলেন, ‘‘আমি গিয়েছিলাম। কিন্তু আমার রক্ষাকবচের আবেদন হাই কোর্টে খালি পিছিয়েই যাচ্ছিল। এটা একটা রাজনৈতিক ব্যাপার। যখন আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিই।’’

Advertisement

প্রাথমিক ভাবে আদালত মামলাটি শুনানির জন্য সোমবার বেছে নিয়েছিল। কিন্তু নিশীথের আইনজীবী মক্কেলের গ্রেফতারির আশঙ্কার কথা জানিয়ে বারংবার আবেদনের পর আদালত জানিয়ে দেয়, শুক্রবারই মামলার শুনানি হবে। পশ্চিমবঙ্গ সরকারকেও এ ব্যাপারে নোটিস করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement