Suvendu Adhikari in Nandigram

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা করবেন না: নন্দীগ্রাম থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:২৫
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের কাছে শান্তি বজায় রাখা এবং সংযত থাকার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা অনেক অত্যাচার করেছে। কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। ওরা যা করেছে, আপনারা করবেন না। শান্তি বজায় রাখতে হবে।” বিজয়মিছিল নিয়ে নন্দীগ্রামের কর্মী-সমর্থকদের শুভেন্দু বলেন, “৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে শান্তিতে করবেন। এখন দু’-তিনটে দিন বিজয়মিছিল করবেন না।”

Advertisement

এই সূত্রেই দুই মন্ত্রের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, “দুটো মন্ত্রে আমি ২০১১-র পরিবর্তনে ছিলাম। আর এ বার আসল পরিবর্তনে থাকলাম। দুটো মন্ত্র হল ধৈর্য আর সহ্য। অনেক সহ্য করেছি।”

বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, “আগামীর বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী প্রতিটি মামলা খুলবে। আমরা ব্যবস্থা নেব।”

Advertisement

নন্দীগ্রাম থেকে একাধিক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “আমি আমার কাজে সর্বদা একনিষ্ঠ থাকি। দুটো বিধানসভায় দল আমার উপর ভরসা করেছিল। আমি সেই প্রতিশ্রুতি পালন করেছি। এ বার উন্নয়নের সময়। নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ হবে। কৃষিক্ষেত্রে বছরে দু’বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা। আর যারা গুন্ডা, তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।”

একই সঙ্গে শুভেন্দুর সংযোজন, “বিজেপিকে এক বার মানুষ এনেছে। আমরা এমন ভাল কাজ করব, ১০০ বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সঙ্কল্পপত্র পূরণ করব।”


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement