Himanta Biswa Sarma Oathtaking

হিমন্তের শপথে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! মঙ্গলবার যেতে পারেন অসমের মুখ্যমন্ত্রীর শপথ সমারোহে

শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। তাঁর শপথগ্রহণ পর্বে মোদী-শাহদের পাশাপাশি বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। হিমন্তও ছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:৫৬
Share:

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত। সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুকে। জানা যাচ্ছে, হিমন্তের শপথে যোগ দিতে মঙ্গলবার অসমে যেতে পারেন শুভেন্দু। সেখানে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন।

Advertisement

কোনও রাজ্যে নির্বাচনে বিজেপির জয়ের পরে, সেখানে সরকার গঠনের সময়ে অন্য বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়। পদ্মশিবিরে এই রীতিই প্রচলিত। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। এ বার হিমন্তের শপথ সমারোহে আমন্ত্রণ পেলেন তিনিও। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথগ্রহণ করবেন হিমন্ত। মোদী, শাহ, রাজনাথের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার কথা সেখানে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা সোমবার সন্ধ্যাতেই গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন।

গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথগ্রহণের সময়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের গুরুত্ব বোঝাতে তাঁর শপথপর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার মতো বিজেপির শীর্ষনেতারা। আদিত্যনাথ, মানিক সাহা, রেখা গুপ্ত, সম্রাট চৌধরি-সহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। উপস্থিত ছিলেন হিমন্তও।

Advertisement

শুভেন্দুর শপথের পরের দিন, রবিবার আনুষ্ঠানিক ভাবে অসমের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে হিমন্তের নাম ঘোষণা করা হয়। তার পরেই হিমন্ত যান লোক ভবনে। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান।

এনডিএ-র পরিষদীয় দলের নেতা হিসাবে তাঁকে বেছে নেওয়ার জন্য মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। এ-ও জানান, আগামী পাঁচ বছর অসমের উন্নয়নমূলক কাজকে আরও গতি দেবে তাঁর সরকার। আসন বাড়িয়ে টানা তৃতীয় বার অসমে বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। বিজেপি ৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর এনডিএ জিতেছে ১০২টি আসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement