West Bengal Weather Update

তাপমাত্রা কিছুটা কমল, সোমবারও বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কী পূর্বাভাস?

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৩
Share:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টি হতে পারে। —ফাইল চিত্র।

বসন্তের শুরুতেও বঙ্গে বৃষ্টির ‘কাঁটা’। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সোমবারও তার অন্যথা হল না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। রবিবারের চেয়ে তাপমাত্রাও কিছুটা কমেছে সোমবার।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ভাবে বুধবারও ভিজতে পারে ওই জেলাগুলি। মাঝে মঙ্গলবার শুধু বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানেও শুকনো থাকবে।

Advertisement

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। রবিবারের পারদ ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ডিগ্রি কম।

আলিপুর জানিয়েছিল, ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সেই সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। বসন্তে বৃষ্টির নেপথ্যে রয়েছে সে সব কারণ। সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement