West Bengal Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড়! সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা শুক্রবারই

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে আগামী সপ্তাহেও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৯:৫২
Share:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। —ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারই কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতায় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Advertisement

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার এবং রবিবার বৃষ্টি কিছুটা কমবে। আবার সোমবার ঝড়বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে।

Advertisement

বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। রবিবার থেকে উত্তরের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বৃষ্টি বাড়তে পারে সোমবার থেকে। তা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে সোমবার থেকে।

চৈত্র মাসেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। গরমে হাঁসফাঁস করছিলেন সকলে। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি বয়ে আনতে পারে, আশাবাদী আবহবিদেরা। তবে সে স্বস্তি আপাতত স্থায়ী হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement