Rain Forecast in West Bengal

মুহুর্মুহু বজ্রপাত, দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিও নামল কলকাতায়! দক্ষিণবঙ্গে সাত দিন ভারী বৃষ্টি হবে, উত্তরে চলবে দুর্যোগ

উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:২২
Share:

দুপুর থেকে কলকাতায় নেমেছে বৃষ্টি। চলছে বজ্রপাত। — ফাইল চিত্র।

কলকাতায় সোমবার সকাল থেকে ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়তেই আকাশ মেঘলা হয়ে যায়। দুপুর থেকে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, দুপুর ২টো থেকে ৫টার মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো কলকাতার বিস্তৃত এলাকায় চলল প্রবল বৃষ্টি। সঙ্গে বইতে থাকে দমকা বাতাস। বেশ কিছু এলাকায় জমে গিয়েছে জল। হাওয়া অফিস বলছে, গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুসারে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর একটি অক্ষরেখা। বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসমের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

সোমবার দুপুর থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়তে থাকে। পাটুলি, যাদবপুর, কসবা, সল্টলেকের বেশ কিছু এলাকায় জল জমেছে ইতিমধ্যে। উত্তর ২৪ পরগনারও বেশ কিছু এলাকায় জল জমেছে। হাওয়ার দাপটে ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, হুগলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

Advertisement

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে।

বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গে সপ্তাহের শেষের দিকে কমতে পারে দুর্যোগের সম্ভাবনা, তবে থামবে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। তবে শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ সেখানে কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement