অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআরের খারিজ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
গত শুক্রবার (১৫ মে) বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে বিধানসভা ভোটের প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগও।
পুলিশ সূত্রে খবর, গত ৫ মে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ছ’টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী রাজীব আনন্দবাজার ডট কম-কে বলেন, “অভিষেক যে ভাষায় নির্বাচনী প্রচার করেছেন তার ফলে অরাজকতা তৈরি হতে পারত। তৃণমূলের প্রত্যাবর্তন হলে সাধারণ মানুষের উপরে আক্রমণ হতে পারত।” দাবি, তাঁর এই অভিযোগ কোনও মতেই উদ্দেশ্যপ্রণোদিত নয়। প্রসঙ্গত, রাজীব সমাজকর্মী। এর আগে বাগুইআটিতে বার ও সেখানে নাচ-গান নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজীব। আবার তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে! তবে সেই অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেই রাজীবের দাবি।