গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তৃণমূলের বর্তমান এবং প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। জেলায় জেলায় বাড়ি ঘেরাও হচ্ছে তৃণমূল নেতাদের। সমানতালে চলছে পদত্যাগ পর্ব। কলকাতার মেয়র-পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তম বারিক। আবার মেখলিগঞ্জে পুরপ্রধান-সহ ছ’জন কংগ্রেসে যোগো দেওয়ায় তৃণমূলের হাতছাড়া হল আর এক পুরসভা। এ সবের মধ্যে গ্রেফতারিও রয়েছে। শুক্রবার দলের কাঠামোয় বদল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই ‘সহকারী’ যুক্ত হয়েছেন— দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন। জেলায় জেলায় সংগঠনের বদল হবে। কিন্তু তার মাঝে রয়েছে পরিষদীয় দলের পর সংসদীয় দল ভেঙে পড়ার শঙ্কা এবং জল্পনা। আজ নজর থাকবে এই সংক্রান্ত ঘটনাপ্রবাহের দিকে।
প্রথম বার অফলাইন কর্মসূচি ককরোচ জনতা পার্টির। সম্প্রতি দেশে শিক্ষাব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে আজ দিল্লির যন্তরমন্তরে কর্মসূচি করবেন সদস্যেরা। তাঁরা জানিয়েছেন, পুলিশ অনুমতি দেবে বলেই তাঁদের আশা। না-দিলেও শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি হবে।
দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় সারা সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামী সাত দিন তাপমাত্রা একই রকম থাকবে।
বিশ্বকাপ ফুটবল শুরুর দিন যত এগিয়ে আসছে, তত উত্তেজনা বাড়ছে সমর্থকদের মধ্যে। প্রতিটি দলই অনুশীলন শুরু করে দিয়েছে। প্রস্তুতি ম্যাচ খেলাও চলছে পুরোদমে। বিশ্বকাপের যাবতীয় খবরের দিকে নজর থাকবে আজ।