News Of The Day

রাজ্যে মোদী। শহরে শাহ। মমতার জনসভা। অভিষেকের সাংগঠনিক বৈঠক। দিনভর আর কী কী নজরে

বৃহস্পতিবার তিন জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি জনসভা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রচারসভা করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিন জেলায় তাঁর তিনটি জনসভা রয়েছে। প্রথম সভাটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয়টি পশ্চিম বর্ধমানের আসানসোলে। তৃতীয়টি বীরভূমের সিউড়িতে। এর আগে গত রবিবার কোচবিহারের জনসভা থেকে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। এ বার তিন জেলা ঘুরে প্রধানমন্ত্রী কী বার্তা দেন দলীয় কর্মী-সমর্থকদের, সে দিকে নজর থাকবে আজ।

ভোটের প্রচারে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন তিনি। এরপর শুক্রবার এবং শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো রয়েছে তাঁর। শুক্রবার ডেবরায় জনসভা করবেন শাহ। খড়্গপুরে রয়েছে রোড শো। পরের দিন, শনিবারও ছাতনা এবং বাঘমুন্ডিতে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রচারসভা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া সাংগঠনিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন নিজের কর্মসূচি । মমতা জনসভা করবেন মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুরে। অভিষেক মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠক করবেন।

আমেরিকা এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। বুধবার সকালে যুদ্ধবিরতি ঘোষণার সময় ট্রাম্প জোর দিয়ে জানান, হরমুজ় প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে ইরান রাজি হয়েছে। পরে ইরানের তরফে হরমুজ় খুলে দেওয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখানো হয়। তবে লেবাননের দক্ষিণে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। লেবাননের দক্ষিণে দীর্ঘদিন ধরে সক্রিয় ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী। তাদের সঙ্গে লড়াই চলছে তেল আভিভের। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আগামী কয়েক দিন। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রাও কমছে। হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই পশ্চিমবঙ্গের উপর ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আইপিএলে আজ চতুর্থ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে বিপক্ষে কলকাতারই শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্কার লখনউ সুপার জায়ান্টস। তিন ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে নাইটরা। গত সোমবার এক পয়েন্ট এসেছে বৃষ্টির হাত ধরে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩.৪ ওভারে ২৫ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল কেকেআরের। তারপর বৃষ্টির জন্য আর খেলা হয়নি। লখনউয়ের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জিতেছেন ঋষভ পন্থেরা। লখনউয়ের বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াবে অজিঙ্ক রাহানের দল? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement