News Of The Day

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা। নীলবাড়ির লড়াই। যুদ্ধবিরতির ভবিষ্যৎ। বাড়বে গরম। আইপিএল। আর কী কী

আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২:৩০ মিনিটে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হওয়ার কথা। ইতিমধ্যে রাজ্যের দু’দফার ভোটের ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৮:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২:৩০ মিনিটে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হওয়ার কথা। ইতিমধ্যে রাজ্যের দু’দফার ভোটের ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আইন অনুযায়ী তার পর আর নতুন নাম অন্তর্ভুক্ত করা যায় না। এখন তালিকায় নাম ঢোকানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ প্রয়োজন। গত শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নিয়ে বিবেচনা করা হবে। এই অবস্থায় আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

সোমবার নির্বাচনী প্রচারে জমজমাট হতে চলেছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি জনসভা করবেন— সিউড়ি, আউশগ্রাম এবং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম জেলার বোলপুর ও খয়রাশোলে সভা করবেন। পাশাপাশি পশ্চিম বর্ধমানে একটি জনসভা ও রোড শোতেও যোগ দেবেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করিমপুর, রানাঘাট ও বাদুড়িয়ায় তিনটি জনসভা করবেন।

Advertisement

ইরানের সঙ্গে শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পরেই হরমুজ় প্রণালীতে ‘অবরোধ’ শুরু করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ়ে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সকল জাহাজকে আটকে দেবে মার্কিন নৌসেনা। ট্রাম্পের এই হরমুজ় অবরোধের ঘোষণায় নতুন করে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। কারণ, বিশ্বে পণ্য পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আলগা করতে চায় না ইরানও। এই পরিস্থিতিতে এই সংকীর্ণ জলপথের দখল নিয়ে দুই দেশ নতুন করে সংঘাতে জড়াবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

চৈত্রের শেষ তিনটে দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাঁসফাঁস গরম পড়বে। গরম এবং অস্বস্তির কারণে ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ সারা রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পয়লা বৈশাখে আবার উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

এ বারের আইপিএলে অপ্রতিরোধ্য দেখাচ্ছে রাজস্থান রয়্যালসকে। চার ম্যাচ খেলে চারটিই জিতেছে তারা। পয়েন্ট তালিকায় সকলের উপরে তারাই। অন্য দিকে, সানরাইজ়ার্স হায়দরাবাদ চার ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে। আজ হায়দরবাদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নামবে রাজস্থান। ফর্মে থাকা বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালদের কি হারাতে পারবেন ঈশান কিশনেরা? আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement