গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিধানসভা নির্বাচনের কারণে এগিয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। গত ১২ ফেব্রুয়ারি ওই পরীক্ষা শুরু হয়েছিল। একই সঙ্গে পরীক্ষা হয়েছে তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে। সারা দেশে এই প্রথম দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। আজ সকাল সাড়ে ১০টায় ফলঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিদায়ী সভাপতি পার্থ কর্মকার।
বিধানসভায় শুরু হয়েছে বিধায়কদের শপথগ্রহণ। আজ প্রোটেম স্পিকার তাপস রায় মোট ১২টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার বিধানসভায় শপথ নিয়েছেন ১৫৫ জন বিধায়ক।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে নিট ইউজি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সন্দেহ। এনটিএ আগামী দিনে ফের পরীক্ষা নেবে বলে জানিয়েছে। কবে হবে সেই পরীক্ষা? এনটিএর সিদ্ধান্তের অপেক্ষায় পরীক্ষার্থীরা
আইপিএলে আজ পঞ্জাব কিংসের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই। প্রথম সাতটির মধ্যে ছ’টি ম্যাচ জেতা পঞ্জাবের দৌড় হঠাৎই থমকে গিয়েছে। শেষ চারটি ম্যাচ হারতে হয়েছে তাদের। এখন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট পঞ্জাবের। আজ হারলে প্লে-অফের দৌড়ে আরও পিছিয়ে পড়বে শ্রেয়স আয়ারের দল। অন্য দিকে মুম্বই আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাদের ১১ ম্যাচে ৬ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ জিতলেও তারা প্রথম চারে থাকতে পারবে না। ধরমশালায় আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
তিন দিনের সফরে বুধবার চিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট চিন সফরে গেলেন। ২০১৭ সালেও গিয়েছিলেন ট্রাম্পই। তাঁর এ বারের সফর ওয়াশিংটন এবং বেজিং উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। বাণিজ্যে স্থায়ী বোঝাপড়া থেকে শুরু করে বিরল খনিজ নিয়ে দরকষাকষির প্রসঙ্গ উঠে আসতে পারে আলোচনায়। পাশাপাশি, ইরান পরিস্থিতি এবং তাইওয়ানের প্রসঙ্গও উঠে আসতে পারে ট্রাম্প এবং শি জিনপিংয়ের আলোচনায়। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।