গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। নতুন দলে যোগ দিচ্ছেন তাঁরা। নতুন দলের নাম ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)। সোমবার এই নিয়ে নানা স্তরে নানা আলোচনা চলে। কী ভাবে ওই দলের নাম এবং প্রতীক বিদ্রোহী তৃণমূল সাংসদের সঙ্গে জুড়বে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই ছিল হাজিরার নোটিস। আজ তাঁকে আবার ভবানী ভবনে তলব করা হয়েছে। শনিবার সই-কাণ্ডের তদন্তে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বার হয়েছিলেন তিনি। আজ আবার তাঁর হাজিরা দেওয়ার কথা ভবানী ভবনে। আজ তিনি হাজিরা দেন কি না, বা তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।
বিশ্বকাপ ফুটবলে আজ ও কাল ভোরে নামছে গত বারের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও আর্জেন্টিনা। আজ রাত ১২:৩০ থেকে রয়েছে গত বিশ্বকাপের রানার্স ফ্রান্সের খেলা। বিপক্ষে সেনেগাল। কাল অভিযান শুরু করছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিয়োনেল মেসিদের বিপক্ষে আলজেরিয়া। ম্যাচ ভোর ৬:৩০ থেকে। আজ রাত ৩:৩০ থেকে রয়েছে ইরাক-নরওয়ে ম্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
বিধানসভার বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হচ্ছে আজ। স্পিকার রথীন্দ্র বসুর ঘরে বাজেট অধিবেশনের সূচি ঠিক করতে আজ বৈঠকে বসবেন স্পিকার-সহ শাসক ও বিরোধী— দু’পক্ষের বিধায়কেরা । ১৮ জুন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট অধিবেশন ।
আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।