News Of The Day

ডায়মন্ড হারবারে শুভেন্দু, মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক সভা। আইপিএলে কেকেআর। বিদেশে মোদী। আর কী

আজ ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৮:০৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে আজ ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হত। বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনিই। সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসকদলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। আজ এই খবরে নজর থাকবে।

ভোটপর্ব মিটে যাওয়ার পর দীর্ঘ দু’সপ্তাহ বাদে আবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফিরছে কেকেআর। সামনে শুভমন গিলের গুজরাত। কেকেআরের কাছে বাকি সব ম্যাচই মরণ-বাঁচন। শনিবার হারলেই ছিটকে যেতে হবে কেকেআরকে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

রবিবার আইএসএলের বহু প্রতীক্ষিত ডার্বি। ৩ মে থেকে ম্যাচ পিছিয়ে ১৭ মে রাখা হয়েছে। আইএসএলে প্রথম বার লিগ তালিকায় মোহনবাগানের উপরে থেকে নামছে ইস্টবেঙ্গল। যারা জিতবে তাদেরই ট্রফি জেতার সম্ভাবনা বেশি। থাকবে দুই প্রধানের প্রস্তুতির খবর।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) প্রশ্নপত্র ফাঁসের এক জন মাথাকে (কিংপিন) চিহ্নিত করেছে সিবিআই। তদন্তে জানা গিয়েছে যে, পিভি কুলকার্নি নামের ওই ব্যক্তি রসায়নের অধ্যাপক! নিট পরীক্ষার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন তিনি। ফলে প্রশ্নপত্র দেখার সুযোগ ছিল তাঁর। আজ এই তদন্তের দিকে নজর থাকবে।

সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) দিয়ে শুরু। ইটালি দিয়ে শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছ’দিনের বিদেশ সফরের সূচনা করেছেন যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার দেশ ইউএই-তে গিয়ে। এর পরে ইউরোপের চার দেশ— নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতে যাবেন তিনি। আজ তিনি যাবেন নেদারল্যান্ডসে। এই খবরে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement