News Of The Day

রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট। তামিলনাড়ুর নির্বাচন। প্রচারে মোদী-মমতা-শাহ-অভিষেক। আর কী

রাজ্যে প্রথম দফার ভোট আজ। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৭:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ্যে প্রথম দফার ভোট আজ। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ুতেও। দক্ষিণের এই রাজ্যটিতে এক দফাতেই ভোট হচ্ছে। সে রাজ্যের ২৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪,০২৩ জন প্রার্থী। তামিলনাড়ুর ভোটপর্বের দিকে নজর থাকবে আজ।

Advertisement

প্রথম দফার ভোটের দিন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর দু’টি জনসভা রয়েছে। প্রথম সভা বেলা সাড়ে ১২টায় কৃষ্ণনগরে। সেখান থেকে তিনি চলে যাবেন মথুরাপুর। সেখানেই মোদীর দ্বিতীয় জনসভা রয়েছে। তার পরে বিকেলে হাওড়ায় রোড শো করবেন তিনি। আজ মোদীর রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

প্রথম দফার ভোটের দিনেও প্রচার কর্মসূচি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে বিজয়গড়ে একটি জনসভা করবেন। এর পর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে আরও একটি সভায় যোগ দেবেন তিনি। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটি মাত্র জনসভা করার পরিকল্পনা নিয়েছেন। তিনি নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজ এলাকায় সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।

Advertisement

আজও পশ্চিমবঙ্গে ভোটপ্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর জোড়া জনসভা রয়েছে। প্রথম সভা হুগলির বলাগড়ে। সেখান থেকে তিনি চলে যাবেন আরামবাগ। সেখানে জনসভা করবেন শাহ। তার পরে মধ্যমগ্রামে রোড শো করবেন তিনি। আজ তাঁর ভোটপ্রচার সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

হাঁসফাঁস গরমের মধ্যেই আজ ভোট দিতে হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ভোটারদের। ছয় জেলায় রয়েছে অস্বস্তিকর গরমের সতর্কতা। উত্তরবঙ্গে ভোট দিতে গিয়ে ঝড়বৃষ্টির মুখে পড়তে হতে পারে ভোটারদের। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তবে তাতে দহনজ্বালা খুব একটা জুড়োবে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হবে না। উল্টে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি থাকবে তাপমাত্রা।

আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরেও উত্তেজনা কাটেনি। বুধবারও হরমুজ় প্রণালীর ওমার উপকূলবর্তী অঞ্চলে দু’টি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আইপিএলে আজ বড় ম্যাচ। যদিও দু’টি দলই পয়েন্ট তালিকায় নীচের দিকে রয়েছে, তবু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চেন্নাই সুপার কিংসের খেলা বরাবরই আলাদা মাত্রা যোগ করে। দুই দলই সবচেয়ে বেশি পাঁচ বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি। দুই দলেরই আজ সপ্তম ম্যাচ। দুই দলই মাত্র দু’টি ম্যাচ জিতেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement