News Of The Day

দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ। নীলবাড়ির লড়াই। আমলা অপসারণ মমলার শুনানি। নজরে আর কী কী

নিষ্পত্তির তালিকা প্রকাশের জন্য কমিশনের হাতে তুলে দিচ্ছেন বিচারকেরা। তা প্রকাশ করবে কমিশন। রবিবার পর্যন্ত যত নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সন্ধ্যায় অনলাইনে তালিকা দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ অতিরিক্ত ভোটার তালিকার প্রথম অংশ প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৬০ লক্ষ বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি করছেন বিচারকেরা। রবিবার পর্যন্ত ২৮.৬ লক্ষ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির তালিকা প্রকাশের জন্য কমিশনের হাতে তুলে দিচ্ছেন বিচারকেরা। তা প্রকাশ করবে কমিশন। রবিবার পর্যন্ত যত নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, আজ বিকেলে ওই তালিকা প্রকাশের কাজ শুরু হবে। সন্ধ্যায় অনলাইনে তালিকা দেখা যাবে। আজ নজর থাকবে এই খবরের দিকে।

রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। ইতিমধ্যে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রকাশ করেছে নির্বাচনী ইস্তাহারও। রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের কর্মিসভাও সেরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, দুই দফায় প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি এবং সিপিএম-ও। এখনও বেশ কিছু আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে। সব দলের নির্বাচনী প্রস্তুতি এবং প্রচার পর্বের দিকে নজর থাকবে আজ।

Advertisement

২০২৬ সালের বিধানসভা ভোটে একক ভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। মনে করা হচ্ছে সোমবার বিধানসভা ভোটের প্রার্থী তালিকার প্রথম ভাগটি প্রকাশ করে দেবে এআইসিসি। এই তালিকায় বহরমপুর থেকে অধীর চৌধুরীর নাম কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রকাশিত হতে পারে। অন্য দিকে, আজ বেলা ১২টায় প্রার্থিতালিকা ঘোষণা করবে আইএস‌এফ।

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে প্রায় ৪৮ জন আইএএস এবং আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের ওই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন তৃণমূলের আইনজীবী অর্ক নাগ। আজ হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে। আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে। সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীগুলির (সরকারি পরিভাষায় যারা ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স’ বা সিএপিএফ) সংস্কারে বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা ছাড়া, এসআইআর, গ্যাসের মূল্যবৃদ্ধির মতো বিষয় নিয়ে সংসদের দুই কক্ষে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে পারে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে আজ সংসদের অধিবেশনের দিকে নজর থাকবে।

ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও দমার লক্ষণ নেই, বরং আরও আগ্রাসী হওয়ার ইঙ্গিত দিচ্ছে ইরান। শনিবার তারা ইজ়রায়েলের ডিমোনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এই শহরেই রয়েছে ইজ়রায়েলের বৃহত্তম পরমাণু গবেষণা কেন্দ্র। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আমেরিকা পরিচালিত বহু তথ্যপ্রযুক্তি সংস্থা, তৈল শোধনাগার এবং পানীয় জল পরিশোধন সংস্থাও রয়েছে। এ বার সেগুলিকেও নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আগ্রাসী ইরানকে রুখতে আমেরিকা-ইজ়রায়েল আরও আগ্রাসী কোনও পদক্ষেপ করে কি না, সে দিকে আজ নজর থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। তার পরের তিন দিনে ধীরে ধীরে আবার তিন থেকে চার ডিগ্রি চড়বে পারদ। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। কোচবিহারে ঝড়বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

পর পর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচ হেরেছে তারা। ড্র করেছে দু’টি ম্যাচ। এই পরিস্থিতিতে আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি মহমেডান স্পোর্টিং। মহমেডানের হাল আরও খারাপ। চার ম্যাচ খেলে চারটিই হেরেছে তারা। এক পয়েন্টও পায়নি। পয়েন্ট তালিকায় সকলের নীচে তারা। ফলে আত্মবিশ্বাস তলানিতে মহমেডানের। ইস্টবেঙ্গলের সামনে জয়ে ফেরার সুযোগ। তবে পচা শামুকে পা কাটার আশঙ্কাও রয়েছে। যুবভারতীতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement