News Of The Day

মমতা-অভিষেক ভোটের প্রচার শুরু করবেন। সংসদের অধিবেশন। শহরে নিতিন নবীন। আবহাওয়া। আর কী

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। আজ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। আজ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন। মুখ্যমন্ত্রী প্রচার করবেন আলিপুরদুয়ারে। অভিষেক প্রচার করবেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। আজ এই খবরে নজর থাকবে।

আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্যের ভোটারদের বিবেচনাধীন তালিকা বিচারকদের দিয়ে নিষ্পত্তি করানো হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৯ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে কী হয় সে দিকে নজর থাকবে।

Advertisement

আজ আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় তাদের মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। গত সপ্তাহে এই মামলার শুনানিতে কেন্দ্রের ওই সংস্থার মৌলিক অধিকার থাকতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। আজ আবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানি রয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ এই মামলা শুনবে শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টে কী হয় সে দিকে নজর থাকবে।

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে। আজ রাজ্যসভায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই বিষয়ে লোকসভায় বক্তৃতা করেন তিনি। দেশে জ্বালানি, সারের জোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি জানান, ভারতে যাতে জ্বালানি-সঙ্কট দেখা না যায়, সে দিকে নজর দেওয়া হয়েছে। এলপিজি (রান্নার গ্যাস)-র উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি। আজ তিনি কী বলেন, সে দিকে নজর থাকবে।

আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ‘ট্রমা’ কাটতে চাইছে না। সোমবার সেখানে আরও এক রোগীর মৃত্যুতে উঠেছে অব্যবস্থার অভিযোগ। এ ক্ষেত্রেও রোগী সমস্যায় পড়েছেন শৌচালয়ে যেতে গিয়ে। কেন বার বার ট্রমা কেয়ারে আলোচনায় উঠে আসছে শৌচালয়? আজ এই সংক্রান্ত আরও খবরে নজর থাকবে।

দু’দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকাল ১০টার আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছোনোর কথা তাঁর। বেলা ১১টা থেকে নিউটাউনে শুরু করবেন বৈঠক। প্রথমেই রাজ্য বিজেপির দু’টি সাংগঠনিক জ়োনের (কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর) পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন নিতিন। তার পরে আইটি সেল এবং কল সেন্টার বিভাগের সঙ্গে বৈঠক করবেন। বসবেন সমাজমাধ্যম টিম ও ভাষ্য নির্মাণ বিভাগের সঙ্গেও। বিজেপির যে কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁদের নিয়ে বৈঠক করবেন সন্ধ্যায়। পরের দিন অর্থাৎ বুধবারও কলকাতায় তাঁর একগুচ্ছ কর্মসূচি থাকছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে ভিজতে পারে শহর এবং শহরতলি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ইরান যুদ্ধ আর কত দিন চলবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে সোমবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। প্রাথমিক পর্বে আলোচনা ‘খুব ভাল এবং ফলপ্রসূ’ বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি এ-ও জানিয়েছেন, আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। অনেকেই এটিকে ট্রাম্পের শান্তি-বার্তার ইঙ্গিত বলে মনে করছেন।‌ এ অবস্থায় পশ্চিম এশিয়ায় সার্বিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement