শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। —ফাইল চিত্র।
শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দমদমের আগে আগরপাড়া, বেলঘরিয়া স্টেশন থেকে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়েছে। কী কারণে সমস্যা, সে বিষয়ে স্টেশনে কোনও ঘোষণা হয়নি। ফলে ব্যস্ত সময়ে দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। অফিসযাত্রীদের অনেকেই বিকল্প পথের সন্ধান করছেন।
শুক্রবার সকালে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আচমকাই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল। কোনও ঘোষণা ছাড়াই স্টেশনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ওই ট্রেন থেকে নেমে আসেন। দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়লেও দুই নম্বর প্ল্যাটফর্মে চালু রয়েছে। তবে সেখানকার ট্রেনে বাড়তি চাপ পড়ছে। স্টেশনেও ভিড় বাড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার নম্বরের লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। এগোতে পারছে না। তবে কী সমস্যা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শুধু ডাউন নয়, আপ লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি লোকাল (শীতাতপ নিয়ন্ত্রিত)। তার পিছনে ওই লাইনেও একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সকালের দিকে শিয়ালদহ মেন শাখায় আপের চেয়ে ডাউন লাইনের ট্রেনে ভিড় হয় বেশি। বিকল্প যে লাইন চালু রয়েছে, যাত্রীরা আপাতত সেখানকার ট্রেনেই উঠছেন। তবে অভিযোগ, বিকল্প লাইনেও ট্রেন অনিয়মিত। অনেকে ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না। তাঁদের গন্তব্যে পৌঁছোনোর অন্য কোনও উপায় খুঁজতে হচ্ছে।
এ বিষয়ে জানার জন্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তিনি ফোন ধরেননি। জবাব দেননি হোয়াট্সঅ্যাপেরও। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘‘গন্ডগোলের কোনও খবর নেই। সিগন্যালে কিছু সমস্যা থাকায় ট্রেন দেরিতে চলছে।’’