Weather Update in West Bengal

ভ্যাপসা গরম থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গে! ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দুই-এক দিন, উত্তরে গরম কেমন

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সময় এখনও আসেনি। দুই-এক দিন ঝোড়ো হাওয়া বইলেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে নিস্তারেরও কোনও ইঙ্গিত নেই আপাতত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:৩৩
Share:

গরম কমার কোনও লক্ষ্মণ নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। —ফাইল চিত্র।

ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত নিস্তার মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে ঝোড়ো হাওয়ায় দুই-এক দিন সাময়িক স্বস্তি মিলতে পারে। অন্য দিকে উত্তরের জেলাগুলিতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া আর কোনও স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফর হবে না আগামী কয়েক দিন।

অন্য দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহই অল্পবিস্তর ঝড়়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও দিন ভারী বৃষ্টিরও পূর্বভাস রয়েছে। আগামী কয়েক দিন গোটা উত্তরবঙ্গেই দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবার একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।

Advertisement

বর্ষা ঢুকে পড়েছে আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। তবে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সময় এখনও আসেনি। দিন দিন গরম বাড়ছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই গরম থেকে এখনই নিস্তারের কোনও ইঙ্গিত নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগরের বিস্তীর্ণ অংশ, সমগ্র নিকোবর দ্বীপ এবং আন্দামান দ্বীপের কিছু অংশে প্রবেশ করেছে। তা মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছে। যদিও পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরি আছে। কেরল হয়ে এ রাজ্যে বর্ষা প্রবেশ করবে। কবে, সে বিষয়ে হাওয়া অফিস এখনও কিছু জানায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement