West Bengal Assembly Election 2026

প্রয়াত বিধায়ক জাফিকুলের শূন্য হওয়া ডোমকল আসনে তৃণমূল প্রার্থী কে? শাসকদলের অন্দরে জোর জল্পনা

গত বছর ৪ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে জাফিকুল ইসলামের প্রয়াণের পর থেকেই এই কেন্দ্রে নতুন প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় অন্দরে আলোচনা শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৯:২৪
Share:

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। —ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার ২২টি আসনের মধ্যে ২০টিতেই জয়ী হয়ে বড় সাফল্য পেয়েছিল তৃণমূল। সেই সময় ডোমকল থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। তবে গত বছর ৪ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর প্রয়াণের পর থেকেই এই কেন্দ্রে নতুন প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় অন্দরে আলোচনা শুরু হয়।

Advertisement

ভোট যত এগিয়ে আসছে, ততই ডোমকলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তীব্র হচ্ছে। এক দিকে প্রয়াত বিধায়কের পরিবারের পক্ষ থেকে তাদের কাউকে প্রার্থী করার দাবি উঠেছে। তবে স্থানীয় তৃণমূলের বড় একটি অংশ সেই দাবিতে খুব একটা সায় দিচ্ছে না। ডোমকলের মাটির সঙ্গে যুক্ত এবং দীর্ঘ দিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এমন কাউকেই প্রার্থী করা উচিত বলে জেলা তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডোমকল টাউন তৃণমূলের সভাপতি কামরুজ্জামান মণ্ডল। দীর্ঘ দিন ধরে তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ফলে ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত তাঁর যথেষ্ট যোগাযোগ রয়েছে। ডোমকল টাউন ও পুরসভার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও তাঁর জনসংযোগ যথেষ্ট বলেই দলীয় সূত্রে দাবি।

তবে প্রয়াত বিধায়ক জাফিকুলের ভাই জাকির হোসেনও সম্ভাব্য প্রার্থিতালিকায় রয়েছেন। এ ছাড়া স্থানীয় নেতা শামিম শেখও টিকিটের দাবিদার বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, কলকাতার এক সংখ্যালঘু নেতাও তাঁর সন্তানের জন্য ডোমকলে প্রার্থী হতে চেয়ে উদ্যোগ শুরু করেছেন বলে খবর। তবে এই তিন প্রার্থীর মধ্যে জনসংযোগের নিরিখে এগিয়ে ব্লক সভাপতি কামরুজ্জামানই। তবে ডোমকলের এক তৃণমূল নেতা বলেন, “বাইরে থেকে কাউকে প্রার্থী না এনে স্থানীয় কাউকে সুযোগ দিলে এই আসন ধরে রাখা অনেকটাই সহজ হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement