মোর্চা প্রধান বিমল গুরুঙ্গের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের দেখা করে গোর্খাল্যান্ডের দাবি তুললেন। সেই সঙ্গে জিটিএ চুক্তি অনুসারে বিভিন্ন দাবিদাওয়ার কথাও গুরুঙ্গ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। পরে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা বিজেপি সভাপতিকে গোর্খাল্যান্ডের দাবিটি সহনুভূতির সঙ্গে বিবেচনা করতে অনুরোধ করেছেন। দাবি খতিয়ে দেখতে দ্রুত একটি কমিটিও যাতে গড়া হয়, তা দেখতে অমিত শাহকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রকল্প রিপোর্ট জমা পড়ার বিষয়েও জানানো হয়। ১১ জনজাতির তফসিলি উপজাতির তকমার দাবিও আলোচনায় উঠেছে। চুক্তি অনুসারে যাতে সৈনিক স্কুল, মাল্টি সুপার স্পেশালিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল গড়ার বিষয়ে কেন্দ্রকে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে। রোশন গিরি জানিয়েছেন, ২০০৯, ২০১৪ লোকসভার ভোটের বিজেপি ইস্তাহারে বিজেপি গোর্খাদের দাবিটি বিবেচনার আশ্বাস দিয়েছিল। তা ছাড়া মোর্চা এনডিএ-র শরিক। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দাবির কথা আবার জানানো হল।