রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামল কংগ্রেস ও বাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার ছাড়া এ রাজ্যে আর কেউ নিরাপদ নন বলে এ দিন অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদের জনাকয়েক বিধায়ক এবং কর্মীদের নিয়ে প্রদেশ কংগ্রেস দফতর থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল শেষে অধীর এই অভিযোগ করে বলেন, ‘‘এ রাজ্যে পুলিশ মার খাচ্ছে, ছাত্র-শিক্ষক নিরাপদ নয়। মহিলা নিরাপদ নয়। ৮ দিনের শিশুও নিরাপদ নয়!’’ মমতার চার বছরের মুখ্যমন্ত্রিত্বে রাজ্যে বেকারত্ব বেড়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেসের মিছিলের কাছাকাছি সময়েই বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে এ দিন শহরে মিছিল করে ১২টি বাম ছাত্র ও যুব সংগঠন। কলেজ স্ট্রিট থেকে বৌবাজার পেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল তাদের। পরে নব মহাকরণে গিয়ে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু বৌবাজার মোড়ে পুলিশ তাদের পথ আটকালে সেখানেই তারা রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ করে। এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের হাতেই দাবিপত্র দেন বাম ছাত্র-যুব নেতারা। পরে এক যুব নেতা বলেন, ‘‘পুলিশ আমাদের রাস্তা আটকেছে। তাই ওদেরই স্মারকলিপি দিয়ে বলেছি বিদ্যুৎমন্ত্রীর কাছে তা পৌঁছে দিতে!’’