টুকরো খবর

চা বলয়ের ‘লাল দুর্গ’ থেকে বামেদের সরিয়ে তৃণমূলের হাতে দু’টি লোকসভা আসন তুলে দেওয়ায় জলপাইগুড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জুন জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে তিনি সরাসরি জলপাইগুড়ি শহরে আসবেন। সে রাতে জলপাইগুড়িতে কাটিয়ে পরের দিন, ৩ জুন তাঁর দু’টি সভা করার কথা আলিপুরদুয়ারে।

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:০১
Share:

জয়ের জন্য ধন্যবাদ দিতে জলপাইগুড়ি যাচ্ছেন মমতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

চা বলয়ের ‘লাল দুর্গ’ থেকে বামেদের সরিয়ে তৃণমূলের হাতে দু’টি লোকসভা আসন তুলে দেওয়ায় জলপাইগুড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জুন জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে তিনি সরাসরি জলপাইগুড়ি শহরে আসবেন। সে রাতে জলপাইগুড়িতে কাটিয়ে পরের দিন, ৩ জুন তাঁর দু’টি সভা করার কথা আলিপুরদুয়ারে। আপাতত এমনই সফর সূচি ধরে তৈরি হচ্ছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরের খবর ছড়াতেই বুধবার সকাল থেকে জলপাইগুড়িতেও উদ্দীপনা ছড়িয়েছে। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক বলেন, “জেলায় মুখ্যমন্ত্রীর আসার কথা হচ্ছে। তবে এর বেশি এখনই কিছু বলতে পারব না।” মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি বরাবর বামেদের শক্ত ঘাঁটি। সেই আসনে বড় ব্যবধানে জয় শুধু নয়, জলপাইগুড়ি বিধানসভা আসনেও কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে তৃণমূল। জলপাইগুড়ি পুর এলাকায় কংগ্রেস ও বামেদের থেকেও বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে শাসক দল। পাশাপাশি আলিপুরদুয়ারের মানুষ দীর্ঘদিন ধরে স্বতন্ত্র জেলার দাবি জানিয়ে আসছেন। বাম আমলে বহু বার আশ্বাস সত্ত্বেও তা হয়নি। রাজ্যে ক্ষমতা বদলের পরে তৃণমূলনেত্রী আলিপুরদুয়ারকে আলাদা জেলার মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণাও করেছিলেন। কিন্তু তিন বছরেও সে কাজ এগোয়নি। তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। তৃণমূলের স্থানীয় নেতাদের অনেকেরই ধারণা, আসন্ন সফরে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারকে স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। সে ব্যাপারে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। জলপাইগুড়ি জুড়ে দলের বড় সাফল্যের পরে জেলার উন্নয়নে কোনও বিশেষ ‘প্যাকেজ’-ও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে দলীয় নেতা-কর্মীদের আশা।

Advertisement

মাধ্যমিকের ফল আজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এ বছরের মাধ্যমিকের ফল আজ, বৃহস্পতিবার প্রকাশিত হবে। সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টায় পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। পর্ষদ জানিয়েছে, আজ বেলা ১১টার পর থেকে পরীক্ষার ফলাফল দেখা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbbse.org, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, www.manabadi.com, www.indiaresults.com, www.schools9.com, www.examresults.net, www.bharatstudent.com, www.clickcollegestreet.com, www.myresultplus.com, www.resultout.com, www.patrika.com, www.knowyourresult.com, www.99results.com, www.westbengaleducation.net, www.indiaaccess.com, www.jagranjosh.com, www.kolkataeducation.net এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইল থেকে WB10-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২/ ৫৬২৬৩ নম্বরে। ফলপ্রকাশের পরেই দ্রুত এসএমএস মারফত ফল জানার জন্য মোবাইল ও রোল নম্বর আগাম নথিভুক্ত করাতে হবে www.exametc.com এবং www.knowyourresult.com সাইটে।

পুরভোট চেয়েও চাপ

রাজ্যের ১৭টি পুরসভার ভোট ঠিক সময়ে করার জন্য আরও চাপ বাড়াতে চাইছে বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ, বৃহস্পতিবার এই দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এর আগে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়ে তাঁরা একই দাবি জানিয়ে এসেছেন। রাজ্যের ১৭টি পুরসভা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন কবে করা হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত কমিশনকে জানায়নি।

সচিব নেই

রাজ্য নির্বাচন কমিশনের সচিব অবসর নিয়েছেন ৩০ এপ্রিল। তার ২০ দিন পরেও রাজ্য সরকার ওই পদে কাউকে নিয়োগ করেনি। অবিলম্বে নতুন সচিব নিয়োগের অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে।

ভ্রম সংশোধন

মঙ্গলবার প্রকাশিত ‘দোলার হারের জেরে মন্ত্রিত্ব গেল মলয়ের’ শীর্ষক প্রতিবেদনে মলয় ঘটকের বাবার
নাম লাবণ্যপ্রভ ঘটক লেখা হয়েছে। তা হবে ফণিভূষণ ঘটক। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement