ছবি: প্রদীপ আদক।
ভারত সেবাশ্রম সঙ্ঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ, বাংলাদেশের নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান সহ অন্যেরা। এ দিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সহিষ্ণুতার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘নিজের ধর্মকে ভাল বলে, অন্য ধর্মকে গালিগালাজ করাটা সহিষ্ণুতা নয়। হিন্দু ধর্ম সর্বজনীন।’’ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ এ দিন জানান, ১৯১৭ সালে বাংলাদেশের মাদারিপুর জেলার বাজিতপুর গ্রামে প্রথম সঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রণবানন্দ। এর পরে সেবা কাজের লক্ষ্যে বিদেশেও ছড়িয়ে পড়েছে সঙ্ঘ। শতবর্ষ উপলক্ষে, নদীর ভাঙন রোধ, সেতু নির্মাণ সহ বাংলাদেশের ওই মঠের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে এ দিন জানান শাজাহান খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন সঙ্ঘের কাজের ভূয়সী প্রশংসা করে সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন।