বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’ সীমা সিংহকে ডেকে ফের দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার সল্টলেকের ইডি অফিসে তাঁকে প্রায় ছ’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
ইডি সূত্রের খবর, তদন্তে দেখা গিয়েছে, রোজ ভ্যালির কয়েক হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে-প্রক্রিয়ায় লেনদেন হয়েছে, তা রহস্যজনক। এই লেনদেনের প্রক্রিয়ায় বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। এর আগেও সীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখন গোটা বিষয়টি গোয়েন্দাদের কাছে পরিষ্কার হয়নি। তাই এ দিন ফের ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। লেনদেনের ক্ষেত্রে অসঙ্গতি কেন, তা জানতে সংস্থার বেশ কিছু নথিও চাওয়া হয় সীমার কাছে।