বিজয় থলপতিকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করলেন জসন সঞ্জয়? ছবি: ফেসবুক।
বাবা বিজয় থলপতিকে নিয়ে কি বিব্রত জসন সঞ্জয়? এমন প্রশ্ন তুলে দিয়েছে তাঁরই একটি পদক্ষেপ। গুঞ্জন, বিজয়ের বিচ্ছেদের রটনার মাঝেই নাকি তাঁকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন ছেলে। খবর ছড়াতেই নতুন করে আলোচনায় দক্ষিণের এই তারকা অভিনেতা-রাজনীতিবিদ।
পরকীয়ার জেরেই নাকি ভাঙতে চলেছে বিজয়ের বিয়ে। এমনই খবরে ছয়লাপ সংবাদমাধ্যম। এ-ও শোনা যাচ্ছে, বিজয়ের আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন নিজের ছবি অভিনেতার সঙ্গে সমাজমাধ্যমে দিতেই বেঁকে বসেছেন অভিনেতার স্ত্রী সঙ্গীতা। বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। খবর, সঙ্গীতা চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। প্রসঙ্গত ১৯৯৯ সালের ২৫ অগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। অভিনেতা-রাজনীতিবিদ খ্রিস্টান, সঙ্গীতা হিন্দু। তাঁদের বিয়ে হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয়েছিল।
বিচ্ছেদের আবেদনে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। আবেদনে লেখা হয়েছে, বিজয় ‘এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত।’ তবে, বিজয় বা সঙ্গীতা কেউই এই দাবিগুলি নিশ্চিত করেননি। আবার অস্বীকার করে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। বিষয়টি পারিবারিক সম্মানের প্রশ্ন তুলে দেওয়ার কারণেই কি বাবার থেকে দূরত্ব তৈরি করলেন ছেলে সঞ্জয়? জবাব মেলেনি। তবে সংবাদমাধ্যমে প্রকাশ, ২০ এপ্রিল বিজয়-সঙ্গীতার বিচ্ছেদের মামলা আদালতে উঠতে পারে।