Drone Attack

সংঘর্ষের মধ্যে ফের নিহত তিন ভারতীয়

ওমান নিউজ এজেন্সির খবর অনুযায়ী, আজ সকালে সোহার প্রদেশে আল-আওয়াহি শিল্পাঞ্চলে একটি ড্রোন আছড়ে পড়লে বেসরকারি সংস্থায় কর্মরত দুই প্রবাসীর মৃত্যু হয়। পরে ভারতের বিদেশমন্ত্রক জানায়, নিহতেরা ভারতীয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৮:১৪
Share:

—প্রতীকী চিত্র।

ওমানের সোহার শহরে ড্রোন আছড়ে পড়ে আজ দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হল। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন জানান, এই ঘটনায় আহত ১১ জনের মধ্যে ১০ জনই ভারতীয়। ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাতে এর আগে ওমান উপসাগরে জাহাজে হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু হলেও ওমানের স্থলভাগে হামলায় ভারতীয়ের মৃত্যুর ঘটনা এই প্রথম। অন্য দিকে, গত বুধবার রাতে ইরাকের কাছে আমেরিকান মালিকানাধীন একটি তেলের ট্যাঙ্কারে হামলায় মৃত্যু হয়েছে দেবনন্দন প্রসাদ সিংহ নামে মুম্বইয়ের বাসিন্দা এক ব্যক্তির।

ওমান নিউজ এজেন্সির খবর অনুযায়ী, আজ সকালে সোহার প্রদেশে আল-আওয়াহি শিল্পাঞ্চলে একটি ড্রোন আছড়ে পড়লে বেসরকারি সংস্থায় কর্মরত দুই প্রবাসীর মৃত্যু হয়। পরে ভারতের বিদেশমন্ত্রক জানায়, নিহতেরা ভারতীয়। এক জন বাদে, আহতদের বাকি সবাইও ভারতীয়। জখম পাঁচ জনকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, তাঁরা দু’জন সেখানকার একটি পণ্য সরবরাহ ও নির্মাণ সংস্থায় কাজ করতেন। ওমান প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার নেপথ্যে কোনও দেশের কথা এখনও সরাসরি বলা হয়নি। প্রসঙ্গত, ওমানে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়রাই বৃহত্তম গোষ্ঠী। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান সফরে গিয়েছিলেন। সেই সময়ে দু’দেশের যৌথ বিবৃতি থেকে জানা গিয়েছিল, ওমানে প্রায় পৌনে সাত লক্ষ ভারতীয় রয়েছেন।

এ দিকে, বুধবার রাতে ইরাকের বাসরা বন্দরের কাছে খোর আল জুবায়ের জলসীমায় ‘এমটি সেফসি বিষ্ণু’ নামে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে একটি বিস্ফোরক-বোঝাই ড্রোনবোট হামলা চালালে মৃত্যু হয় ওই জাহাজে কর্মরত ইঞ্জিনিয়ার দেবনন্দনের। বছর পঞ্চান্নর দেবনন্দন আদতে বিহারের লোক। ২০১৯ সাল থেকে সপরিবার মুম্বইয়ের কান্দিভালি ইস্টে থাকতেন। জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে ইরাকের উপকূলরক্ষীরা উদ্ধার করেছেন।z

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন