Bangladesh Election 2026 Result

জামাতের প্রধান শফিকুরের বাড়িতে তারেক, শপথের আগে সৌজন্য সাক্ষাৎ! গেলেন নাহিদের বাড়িতেও

বিএনপি সূত্রে খবর, মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই শফিকুরের বাড়়িতে গিয়েছিলেন তারেক। সেখানে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪
Share:

(বাঁ দিক থেকে দ্বিতীয়) জামাতের শফিকুর রহমানের সঙ্গে বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান (ডান দিক থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত।

অধুনা বাংলাদেশের প্রধান বিরোধী জল জামায়াতে ইসলামী (যা জামাত নামেই পরিচিত)-র প্রধান শফিকুর রহমানের সঙ্গে দেখা করলেন তারেক রহমান। বিএনপি-র চেয়ারম্যান তথা বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রবিবার সন্ধ্যায় জামাতের আমির শফিকুর রহমানের বাড়িতে যান। প্রায় ৫০ মিনিট শফিকুরের ঢাকার বাড়িতে ছিলেন তারেক।

Advertisement

বিএনপি সূত্রে খবর, মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই শফিকুরের বাড়়িতে গিয়েছিলেন তারেক। সেখানে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সন্ধ্যা ৭টা ১০ নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) শফিকুরের বাড়িতে যান তারেক। সেখান থেকে তিনি বেরোন ৭টা ৫৮ মিনিটে। পরে এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়িতেও যান তারেক।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। জামাত জিতেছে ৭৭টি আসনে। আর জামাতের সঙ্গে জোট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জিতেছে ৬টি আসনে। আগামী মঙ্গলবার বাংলাদেশে শপথ নেবে নবনির্বাচিত বিএনপি সরকার।

Advertisement

শনিবারই জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন বিএনপি প্রধান তারেক। নির্বাচনে তাঁর দলের জয় বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন তিনি। তাই জনগণের জীবন সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন। খালেদা জিয়ার পুত্র বুঝিয়ে দেন, এ বার বাংলাদেশকে মানবিক ভাবে গড়ার পালা। ঢাকার হোটেলে সাংবাদিক বৈঠকে নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশের সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান বিএনপি-প্রধান। তাঁর কথায়, ‘‘বহু প্রতিবন্ধকতার মোকাবিলা করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি।’’ তারেক মনে করেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এবং বিরোধী দলগুলি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তারেকের মতে, সকলের মত এবং পথ ভিন্ন হতে পারে। কিন্তু দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি। বিভাজন আমাদের দুর্বলতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement