ন্যান্সি গ্রেওয়াল। নিহত ইউটিউবার। ছবি: সংগৃহীত।
কানাডার অন্টারিয়োয় পঞ্জাবি এর ইউটিউবারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। আরও এক ভারতীয় খুনের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ন্যান্সি গ্রেওয়াল (৪৫)। তিনি একজন ইউটিউবার।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় অন্টারিয়োর টড লেনের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। ন্যান্সিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, উইন্ডসোরে থাকতেন ন্যান্সি। তাঁর উপর কে বা কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। টড লেনের আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের একটি সূত্র মনে করছে, ন্যান্সিকে অন্য কোথাও ছুরি দিয়ে কোপনোর পর টড লেনের কাছে ফেলে দেওয়া হয়েছে। ন্যন্সি সমাজমাধ্যমে খুব সক্রিয় ছিলেন। পঞ্জাবের উন্নয়ন নিয়ে তাঁর ইউটিউব চ্যানেলে নানা মতামত প্রকাশ করতেন। জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংহ, অকালি নেতা বিক্রম সিংহ, ডেরা বিয়াসের গুরিন্দর সিংহের বিরুদ্ধে সরব হয়েছিলেন ন্যান্সি। খলিস্তান নিয়েও বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়াও ভারত এবং কানাডার সাম্প্রতিক টানাপড়েন সম্পর্কেও নিজের মতামত প্রকাশ করেছিলেন। গত বছরের জুনে সমাজমাধ্যম প্রভাবী কাঞ্চন কুমারীর মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন পঞ্জাবের এই ইউটিউবার।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে কানাডার বার্নাবিতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলরাজ সিংহ গিল।