ক্রিস্টোফার প্লামার।
অস্ট্রিয়ায় নাৎসি দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত সপরিবার সে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ক্যাপ্টেন ভন ট্র্যাপ। সেলুলয়েডে কাহিনি আর সঙ্গীতের সেই অনবদ্য মিশেল ‘সাউন্ড অব মিউজ়িক’-এর নায়ক ক্রিস্টোফার প্লামার চলে গেলেন শুক্রবার। প্লামারের পরিবার জানিয়েছে, কানেটিকাটের বাড়িতে মৃত্যু হয়েছে বছর একানব্বইয়ের ক্রিস্টোফারের। তখন সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এলিন টেলর। ১৯২৯ সালে টরন্টোয় জন্ম। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের বংশধর। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন মন্ট্রিয়ল রেপার্টরি থিয়েটারে। সিনেমায় আত্মপ্রকাশ ১৯৫৮ সালে, ‘স্টেজ স্ট্রাক’ ছবিতে। উল্লেখযোগ্য ছবির তালিকায় ‘সাউন্ড অব মিউজ়িক’ ছাড়া রয়েছে ‘দ্য ম্যান হু উড বি কিং’ ও হালফিলের ‘অল দ্য মানি ইন দ্য ওয়র্ল্ড’। শার্লক হোমসের চরিত্রেও অভিনয় করেছেন ১৯৭৯ সালের ছবি ‘মার্ডার বাই ডিক্রি’-তে। তবে অস্কার পেয়েছিলেন ৮২ বছর বয়সে, ২০১১ সালের ‘বিগিনারস’ ছবির জন্য। সবচেয়ে বেশি বয়সে অস্কার পাওয়ার রেকর্ড এখনও তাঁরই দখলে।