জামাতের আমির নিজামির ফাঁসির সাজা বহাল বাংলাদেশ সুপ্রিমকোর্টেও

জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামির ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার বাংলাদেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে খালেদা জিয়া মন্ত্রিসভার প্রাক্তন ওই মন্ত্রীর ফাঁসি এখন শুধু সময়ের অপেক্ষা|

Advertisement

কুদ্দুস আফ্রাদ

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০১
Share:

নিজামি

জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামির ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার বাংলাদেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে খালেদা জিয়া মন্ত্রিসভার প্রাক্তন ওই মন্ত্রীর ফাঁসি এখন শুধু সময়ের অপেক্ষা|

Advertisement

২০১৪-র অক্টোবরে আড়াই বছরের বিচারপর্ব শেষে নিজামির মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের ট্রাইবুনাল। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, গণধর্ষণ, লুঠপাট, অগ্নিসংযোগ— এমনই বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের দায়ে ওই নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১। এ দিন সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে, চারটির পরিবর্তে তিনটি অপরাধের জন্য প্রাণদণ্ডের সাজা, দু’টিতে যাবজ্জীবন এবং তিনটি অপরাধের জন্য তাঁকে মুক্তির নির্দেশ দেয় প্রধান বিচারপতি এস কে সিংহের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।

এ দিনের রায় জামাতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে যাওয়া পঞ্চম রায়। অন্য রায়গুলিতে দলের সেক্রেটারি জেনারেল আলি আহসান মহম্মদ মুজাহিদ, দুই সেক্রেটারি জেনারেল মহম্মদ কামারুজ্জামান এবং আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

Advertisement

কে এই নিজামি?

সূত্রের খবর, পাবনার মহম্মদপুর গ্রামে ১৯৪৩ সালে তাঁর জন্ম। ১৯৭১-এ তিনি ছিলেন জামাতে ইসলামির তৎকালীন ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য। তখনকার সেই নিখিল পাকিস্তান ইসলামি ছাত্র সঙ্ঘের বর্তমান নাম ইসলামি ছাত্র শিবির। ’৭১-এর কুখ্যাত গুপ্তঘাতক আল বদর বাহিনীর প্রধানও ছিলেন তিনি। ২০১০ সালের জুনে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এর পরে ওই বছরের অগস্ট মাসে জানানো হয়, তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা হয়েছে। ২০১২ সালে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের ভিত্তিতে বিচারপর্ব শুরু হয়। প্রায় দেড় বছর সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। পাশাপাশি চট্টগ্রাম অস্ত্রলুঠের অন্য একটি মামলার বিচারও পাশাপাশি চলতে থাকে। চট্টগ্রামে আলফার ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ার মামলার আসামিও নিজামি| সেই সময় তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী ছিল|

নিজামির ফাঁসির সাজা সুপ্রিম কোর্টেও বহাল থাকায় বিচার প্রার্থীদের পাশাপাশি গোটা দেশ খুশি বলে জানিয়েছেন সরকারের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘‘এই রায়ের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে।’’ অন্য দিকে, নিজামির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করে তাঁরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিলের সিদ্ধান্ত নেবেন।

ফাঁসির রায় বহাল থাকায় খুশি গণজাগরণ মঞ্চ। এ দিন সকালে রায় ঘোষণার পরেই মিছিল বার করে তারা। মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বলেন, ‘‘জামাত নেতা মতিউর রহমান নিজামি শুধু যুদ্ধাপরাধীই নয়, সে অস্ত্র মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী।’’ তাঁর আরও দাবি, শুধু নিজামি নয় পাকিস্তানের ১৯৫ জন সেনারও বিচার করতে হবে।

দলের সর্বোচ্চ নেতার পাশে দাঁড়িয়ে আগামিকাল দেশ জুড়ে হরতাল ডেকেছে জামাত|

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement