White House Dinner Firing

লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে! ধৃত বন্দুকবাজের নিশানায় ছিলেন ট্রাম্প এবং অন্য মার্কিন কর্তারা

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত যুবক লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনে পৌঁছেছিলেন। ওয়াশিংটনের যে হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেখানেই ছিলেন ধৃত। তিনি লস অ্যাঞ্জেলেস থেকে সম্ভবতে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছেছিলেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৭
Share:

ওয়াশিংটনে ধৃত বন্দুকবাজ কোল টমাল অ্যালেন। ছবি: রয়টার্স।

হোয়াইট হাউসের নৈশভোজে হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগ রয়েছে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না মার্কিন প্রশাসন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগ নেই। তবে আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এ বিষয়ে এখনই নিশ্চিত নন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে ইরানের কোনও যোগসূত্র আছে কি না, তা আমাদের জানা নেই।”

Advertisement

শনিবার রাতে ওয়াশিংটনের এক হোটেলে নৈশভোজের আয়োজন করে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ মার্কিন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা সেই নৈশভোজে উপস্থিত ছিলেন। সবমিলিয়ে আমন্ত্রিত ছিলেন প্রায় ২৬০০ অতিথি। সেখানেই হামলা করে কোল টমাল অ্যালেন নামে এক বন্দুকবাজ। ধৃত ওই বন্দুকবাজকে সোমবার আমেরিকার ফেডারেল কোর্টে পেশ করা হবে। মার্কিন অ্যাটর্নি জেনারেল ব্লাঞ্চ জানান, ধৃত ওই বন্দুকবাজ একাই এই কাণ্ড ঘটিয়েছেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত যুবক লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনে পৌঁছেছিলেন। ওয়াশিংটনের ওই হোটেলেই ধৃত ছিলেন বলে মনে করছেন ব্লাঞ্চ। তিনি লস অ্যাঞ্জেলেস থেকে সম্ভবতে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছেছিলেন বলে মনে করা হচ্ছে। ব্লাঞ্চ আরও জানান, গত কয়েক বছরে ধৃত যুবক দু’টি আগ্নেয়াস্ত্র কিনেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেলের মতে সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পও ছিলেন বন্দুকবাজের নিশানায়। ব্লাঞ্চ বলেন, “দেখে মনে হচ্ছে, প্রশাসনিক কর্তারাই ছিলেন ওই বন্দুকবাজের নিশানায়, এর মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন।” তিনি আরও জানান, ধৃত যুবক তদন্তে সহযোগিতা করছেন না। ওই বন্দুকবাজের বিরুদ্ধে মার্কিন প্রশাসনিক কর্তাদের উপর হামলা, গুলি চালানো এবং প্রশাসনিক কর্তাদের খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

Advertisement

ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে। তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ। ট্রাম্প জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। তাঁর কথায়, ‘‘খুব অসুস্থ একটা লোক ছিল। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও ৫০ গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে।’’ ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেটনিরোধক বর্ম পরে ছিলেন। তাই নিরাপদেই আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement