Donald Trump on Iranian Ships

ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা! একের পর এক ইরানি রণতরী ধ্বংস করে ট্রাম্পকে জানাল মার্কিন বাহিনী

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ইরানি নৌসেনার উৎকৃষ্ট মানের ৪৬টি রণতরী ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। এমনটাই দাবি ট্রাম্পের। সাড়ে তিন দিনেই মার্কিন বাহিনী এই রণতরীগুলি ডুবিয়েছে বলে দাবি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৪৭
Share:

মাঝসমুদ্রে ইরানি যুদ্ধজাহাজ। —ফাইল চিত্র।

ইরানের একের পর এক যুদ্ধজাহাজ ডুবিয়ে উল্লসিত মার্কিন বাহিনী। এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন বাহিনীর এক আধিকারিকের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তিনি। ট্রাম্পের দাবি, ওই আধিকারিক তাঁকে বলেছেন, “ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা।”

Advertisement

প্রায় দেড় সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের। পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানি নৌসেনার উৎকৃষ্ট মানের ৪৬টি রণতরী ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সাড়ে তিন দিনের মধ্যে এই সাফল্য এসেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোমবার ফ্লরিডায় রিপাবলিকান দলের এক সম্মেলনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানেই এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মার্কিন বাহিনীর এক আধিকারিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনও তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, “ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ভান্ডার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। (ইরানের) নৌবাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছে। সব সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। ৪৬টি জাহাজ! ভাবতে পারছেন?” এর পরেই মার্কিন সামরিক বাহিনীর এক আধিকারিকের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম কী ধরনের জাহাজ ছিল সেগুলি। ওঁরা বললেন, ‘খুব ভাল মানের স্যর। উৎকৃষ্ট মানের’। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা ওই জাহাজগুলিকে নিজেদের দখলে নিচ্ছেন না কেন? আমরা তো এগুলি কাজে লাগাতে পারি। ডুবিয়ে দিচ্ছেন কেন? এর উত্তরে ওঁরা বললেন, ‘ওদের (ইরানি রণতরী) ডুবিয়েই আমরা বেশি মজা পাচ্ছি।’ ওগুলিকে ডুবিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করছে আমাদের বাহিনী।”

Advertisement

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি যে আর খুব দীর্ঘ সময় ধরে চলবে না, সেই আভাসও দিয়েছেন ট্রাম্প। ইরানে যুদ্ধ প্রায় শেষের পথে বলেই মনে করছেন তিনি। রিপাবলিকান নেতাদের বলেন, ‘‘কিছু দুষ্টকে সরাতে আমরা মধ্য প্রাচ্যে (পশ্চিম এশিয়া) ভ্রমণ করেছি। আপনারা দেখবেন, এটা স্বল্প সময়ের ভ্রমণই হবে।’’ তিনি আরও জানান, তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement