Donald Trump on Iran

এক নিশানাতেই সকলকে সরিয়ে দিতে পারি! খামেনেই-শেষকৃত্যে ইরানি নেতাদের কান্না দেখে কটাক্ষ ট্রাম্পের, কী জবাব এল

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল খামেনেইয়ের। এত দিন তাঁর দেহ সংরক্ষিত ছিল। শুক্রবার থেকে শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:১৯
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত ইরানের নেতাদের এক নিশানাতেই শেষ করে দিতে পারে আমেরিকা, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনই তেমন কোনও পদক্ষেপের কথা ভাবছেন না বলেও জানিয়েছেন। শেষকৃত্যে ইরানের নেতৃবৃন্দের কান্নাকে কটাক্ষ করেছেন ট্রাম্প।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল খামেনেইয়ের। এত দিন তাঁর দেহ সংরক্ষিত ছিল। শুক্রবার থেকে শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া। দেশ-বিদেশ থেকে প্রতিনিধিরা খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন। শুক্রবার খামেনেইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকেও কাঁদতে দেখা গিয়েছে। এ ছাড়াও সভাস্থলে উপস্থিত ইরানের অনেক নেতার চোখ ভিজে গিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘ওরা সকলেই ওখানে আছে। এক নিশানাতেই কাজ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করব না। কারণ, তাহলে আমাদের সামনে আর সমঝোতা করার মতো কেউ থাকবে না।’’

খামেনেইয়ের শেষকৃত্যে অনেককে কাঁদতে দেখে অবাক হয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, খামেনেইকে সকলে ঘৃণা করতেন বলেই তিনি জানেন। এই চোখের জল ভুয়ো কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর জবাবও দিয়েছে ইরান। ওয়াশিংটনে অবস্থিত ইরানের দূতাবাস ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছে। তাতে বলা হয়েছে, ‘‘আপনি এই সমস্ত বিষয় বুঝবেন না। কারণ, আপনার কোনও সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মান নেই।’’

Advertisement

৪ জুলাই আমেরিকায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানের আগেও ইরানকে কটাক্ষ করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘আমরা ইরানকে গুঁড়িয়ে দিয়েছি। ওরা থিতু হওয়ার জন্য এখন মরিয়া। আপাতত এখন শেষকৃত্যের জন্য এক সপ্তাহ ওদের ছাড় দিয়েছে। কারণ, আমরা ভাল।’’

খামেনেইয়ের শেষকৃত্য প্রক্রিয়া শুরুর আগেই ইজ়রায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইরান। বিবৃতি দিয়ে বলা হয়েছিল, এই সময়ে কোনও ভাবে ইরানে কোনও হামলা হলে সে দেশের সামরিক বাহিনী কঠোর জবাব দেবে। কোনও আগ্রাসনই বরদাস্ত করা হবে না। খামেনেইয়ের শেষকৃত্য এবং তাঁকে সমাহিত করার প্রক্রিয়া চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement