US-Iran Conflict

চুক্তি করতে খুব‌ই আগ্রহী ইরান, দাবি ট্রাম্পের! বললেন, ‘শর্তে রাজি না হলে সমঝোতা নয়’, হরমুজ়ে মার্কিন-অবরোধ চলছেই

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ওরা (ইরান) আমাদের সঙ্গে একটা চুক্তি করতে খুব আগ্রহী।’’ তার পরেই ট্রাম্প স্পষ্ট করে দেন, ভবিষ্যতে ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র থাকবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০০:৫৪
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে খুব আগ্রহী ইরান। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতেও একই সুরে চুক্তি নিয়ে ইরানের কোর্টে বল ঠেলেছিলেন তিনি। ইরানের আগ্রহের কথা জানিয়ে ট্রাম্প এ-ও স্পষ্ট করেন, যদি তেহরান তাদের শর্তগুলিতে রাজি না-হয়, তবে কোনও চুক্তিই হবে না।

Advertisement

এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর আপাতত সংঘর্ষবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। তার মধ্যেই সমাধানসূত্র খুঁজতে এবং চুক্তি নিয়ে আলোচনা করতে ইসলামাবাদে শান্তিবৈঠকে বসেছিল দু’পক্ষ। ২১ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। কিন্তু শেষ পর্যন্ত কোনও রফাসূত্র বার হয়নি। ভবিষ্যতে আবার আমেরিকা এবং ইরান কোনও বৈঠক করবে কি না, তা এখনই স্পষ্ট নয়। তবে ইসলাবাদের বৈঠক ভেস্তে যেতেই ইরানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হরমুজ় প্রণালীতে ইরানি বন্দরগুলি অবরোধ করার ঘোষণা করেন তিনি। সেই ঘোষণামতো সোমবার সন্ধ্যা (ভারতীয় সময়) থেকে হরমুজ়ে অবরোধ শুরু করেছে মার্কিন বাহিনী। তার মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আবার এক বার নিজের মতপ্রকাশ করলেন ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ওরা (ইরান) আমাদের সঙ্গে একটা চুক্তি করতে খুব আগ্রহী।’’ তার পরেই ট্রাম্প স্পষ্ট করে দেন, ভবিষ্যতে ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। উল্লেখ্য, ইসলাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দুষছে আমেরিকা এবং ইরান। আমেরিকার দাবি, তাদের শর্ত মানতে চায়নি ইরান। অভিযোগ, সমঝোতায় সদিচ্ছার অভাব রয়েছে তেহরানের। ইরানের পাল্টা দাবি, আমেরিকা এমন কিছু ‘অযৌক্তিক দাবি’ করছিল যেগুলি দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

তবে ট্রাম্পের কথায়, ‘‘আমরা ওদের (ইরান) অনেক কথাতেই সহমত পোষণ করেছিলাম। কিন্তু ওরা তাতে রাজি হয়নি।’’ মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী, শেষ পর্যন্ত ইরান তাঁদের শর্ত মেনে নেবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি ওরা রাজি না-থাকে তবে কোনও চুক্তিই হবে না।’’

হরমুজ়ে অবরোধ শুরুর পর ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ‘ইরানের জাহাজগুলি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তবে সেগুলিকে সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই আঘাত হবে দ্রুত এবং নির্মম।’ ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন হয়ে পড়ে আছে।’ সেই বার্তার পর এ বার চুক্তি নিয়ে সুর চ়ড়িয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement