ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি।
স্বস্তি ডোনাল্ড ট্রাম্পের। ডাক্তারি পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ মিলল না মার্কিন প্রেসিডেন্টের দেহে। ট্রাম্পের চিকিৎসক সান কানলে আশ্বস্ত করেছেন, ‘‘ওঁর সংক্রমণ নেই।’’ কোনও লক্ষণ না-থাকায় প্রথম থেকেই পরীক্ষায় গড়িমসি করছিলেন তিনি। কিন্তু আশঙ্কা তো ছিলই! দু’সপ্তাহ আগে ফ্লরিডার রিসর্টে ব্রাজিলের প্রেসিডেন্ট ও তাঁর যে প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্প বৈঠক করেছিলেন, তাঁদের দু’জন করোনাভাইরাসে আক্রান্ত।
প্রেসিডেন্ট বিপন্মুক্ত হলেও করোনা নিয়ে মার্কিন নাগরিকদের আতঙ্ক বাড়ছে। ম্যানহাটনের একটি সুপারমার্কেটের ম্যানেজার বলেছেন, ‘‘আমি হারিকেন স্যান্ডি দেখেছি। ৯/১১ দেখেছি। কিন্তু মানুষকে আতঙ্কগ্রস্ত হয়ে এ ভাবে কেনাকাটা করতে দেখিনি।’’ সাড়ে চার হাজারের বেশি এলাকায় দোকান খোলা রাখার সময় কমিয়ে এনেছে ওয়ালমার্ট। সংস্থাটি জানিয়েছে, ওই সময়ের মধ্যে দোকান পরিষ্কার ও জিনিসপত্র নতুন করে ভরার কাজ করছে তারা।
শনিবার নিউ ইয়র্কে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃত্যু হল ৫১ জন মার্কিন নাগরিকের। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, ইউরোপের শেঙ্গেন এলাকা (এই এলাকায় রয়েছে ইউরোপের ২৬টি দেশ। যেখানে দিয়ে অবাধে যাতায়াত করা যায়) পেরিয়ে যাঁরা যাতায়াত করেছেন, তাঁদের আগামী ৩০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। শেষ মুহূর্তে আয়ারল্যান্ড ও ব্রিটেনের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মার্কিন বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ব্রিটেনের ওয়াটফোর্ডে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিষেধাজ্ঞার খবর পান শিকাগোর বাসিন্দা রুথ। সঙ্গে সঙ্গে ফিরে আসেন তিনি। তরুণীর কথায়, ‘‘নেমে দেখি চার দিকে চরম বিশৃঙ্খলা। কেউ কিছু বলতে পারছে না। ভিতরে ঢুকতেই ঘণ্টা দু’য়েক লেগে গেল। সে ভাবে স্ক্রিনিংও হয়নি।’’
করোনা-থাবা
• ব্রিটেনে মৃত বেড়ে ২১, ইটালিতে মৃত ১৪৪১, আমেরিকায় ৫১।
• স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনিয়া গোমেজ়ও আক্রান্ত। দেশে মৃত ২৮৮।
সংক্রমণ খুব দ্রুত ছড়ানোয় তালাবন্দি স্পেন। ইতিমধ্যেই সেখানে মৃত ২৮৮। আক্রান্ত সাড়ে সাত হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ়ের স্ত্রী বেগোনিয়া গোমেজ়। সতর্কতা হিসেবে দেশের মানুষকে দুরপাল্লার ট্রেন, বাস ও বিমানে সফর না-করার পরামর্শ দিয়েছে ফ্রান্স। রেস্তরাঁ, কাফে, সিনেমা হল, ক্লাব ও স্কি-রিসর্টগুলি বন্ধ থাকবে। ধর্মীয়স্থানগুলি খোলা থাকলেও জমায়েত নিষিদ্ধ। করোনার আতঙ্কে ফ্রান্সে স্থানীয় নির্বাচনে যোগ দিতে পারেননি বহু মানুষ।
ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৪৪১ জনের। এই অবস্থায় হাসপাতালের উপরে চাপ কমাতে তুরিনের একটি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তাব দিয়েছে,
৮০ বছর বয়সের ঊর্ধ্বে করোনা আক্রান্তদের ইনটেনসিভ কেয়ারে রাখার প্রয়োজন নেই। ভ্যাটিকানে ইস্টার সপ্তাহ পালিত হলেও ভক্ত সমাগম বন্ধ রাখা হয়েছে। অনুষ্ঠানের ‘লাইভ টেলিকাস্ট’ দেখা যাবে ভ্যাটিকানের নিউজ় ওয়েবসাইটে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা। কিন্তু করোনা-বিপর্যয়ে মে মাসের আগে তা হচ্ছে না। সেখানে করোনা-আক্রান্ত ১০০ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, রবিবার থেকে যে বিদেশিরা সে দেশে ঢুকছেন, তাঁদের ১৪ দিন কোয়রান্টিন করা হবে। ৩০ দিনের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিদেশি প্রমোদতরীগুলির। সীমান্ত বন্ধ করেছে ডেনমার্ক, পোলান্ড, রাশিয়া, স্লোভাকিয়া।