এক জন জঙ্গির জীবন মোটেও সহজ নয়। রাগ, হতাশা আর একাকীত্ব ছাড়া এখানে আর কিছুই নেই! ছোট ভাই ওমরকে নাকি এই কথায় জানিয়েছিল ইসলামিক স্টেটের কুখ্যাত জঙ্গি জেহাদি জন ওরফে মহম্মদ এমওয়াজি। সম্প্রতি জনের মারা যাওয়ার খবর প্রকাশ করেছে আইএস। তার পরেই জানা গিয়েছে, জন তার ভাই ওমরকে বার বার সতর্ক করেছিল। জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে নিষেধ করেছিল। ওমরের দাবি, জন তাকে বলেছিল, দাদার দেখাদেখি সে যেন আইএসে যোগ না দেয়। গত নভেম্বরে একটি সাক্ষাৎকারে ওমর বলেন, ‘‘দাদা বলত, আমার মতো হবি না। আর ও সব সময় বলত, অন্যের ভুল থেকে শিক্ষা নাও। পাশাপাশি, ও আরও বলত, দেখো, আমি এখন কোথায় আছি। এমন অবস্থা যে, আমি বিয়েও করতে পারব না। আমি ভাল কোনও চাকরিও আর পাব না। এমন জীবন যে, কোথাও ঘুরতেও যেতে পারি না।’’