US-Iran Conflict

হামলার ছবি বা ভিডিয়ো তুলতে বাইরে বার হবেন না! আমিরশাহিতে থাকা ভারতীয়দের পরামর্শ নয়াদিল্লির

আমিরশাহি (ইউএই)-তে থাকা ভারতের নাগরিকদের জন্য আরও এক দফা সতর্কবার্তা জারি করল আবু ধাবিতে থাকা ভারতীয় দূতাবাস। অযথা হামলার জায়গার ছবি-ভিডিয়ো না-তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:১০
Share:

আবুধাবিতে ইরানের হামলা। — ফাইল চিত্র।

আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার প্রত্যাঘাত চালাচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মার্কিন এবং ইজ়রায়েল ঘাঁটি লক্ষ্য করে তেহরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে। সেই আবহে এ বার সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-তে থাকা ভারতীয় নাগরিকদের জন্য আরও এক দফা সতর্কবার্তা জারি করল আবু ধাবিস্থিত ভারতীয় দূতাবাস। অযথা হামলার জায়গার ছবি-ভিডিয়ো না-তোলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করে চলার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস।

Advertisement

এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলাস্থল, বিমানবন্দরের নির্দিষ্ট এলাকার ছবি তুললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন ইউএই কর্তৃপক্ষ। সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের আইনি জটিলতা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও কয়েক দফার নির্দেশিকা জারি করেছে দূতাবাস।

নির্দেশিকায় ইউএই-তে থাকা ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছে, যদি কখনও কোথাও সাইরেনের শব্দ শুনতে পান, তবে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যান। ছবি বা ভিডিয়ো তোলার জন্য বাইরে বার না-হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে যুদ্ধ বা হামলার ছবি বা ভিডিয়ো পোস্ট করা থেকে বিরত থাকুন। যদি আশপাশে কোনও সন্দেহভাজন বস্তু পড়ে থাকে, তৎক্ষণাৎ স্থানীয় নিরাপত্তাবাহিনীকে জানানোর পরামর্শও দিয়েছে দূতাবাস। ইউএই-র জারি করা সব রকম সতর্কতা অবলম্বন করার কথা রয়েছে নির্দেশিকায়।

Advertisement

আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন উপসাগরীয় দেশগুলি। মার্কিন ও ইজ়রায়েল হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। মূলত পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিতে নিশানা করছে তেহরান। উপসাগরীয় দেশগুলিতে হামলা চালানোর জন্য শনিবার ‘ক্ষমা’ চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। সেই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলিকে এটাও জানান, তারা যেন ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকা এবং ইজ়রায়েলকে সহযোগিতা না করে। রবিবারও ইউএই-সহ উপসাগরীয় দেশগুলিতে হামলা অব্যাহত রেখেছে ইরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement