US University

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কমছে ভারতীয় পড়ুয়ার সংখ্যা! প্রতিষ্ঠান দুষছে ভিসা নীতিকেই

পৃথিবীর প্রায় ৩৬১টি বিজনেস স্কুলে সমীক্ষাটি করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, এশিয়ার বিজনেস স্কুলগুলির ৫৪ শতাংশে আগের বছরের তুলনায় ২০২৫ সালে বিদেশি ছাত্র ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১
Share:

— প্রতীকী চিত্র।

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে কমেছে ভারতীয় পড়ুয়ার সংখ্যা। এমনটাই বলছে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল (জিএমএসি)-এর পরিসংখ্যান। টাইম্‌স অফ ইন্ডিয়া সেই রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৫ সালের অগস্টে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়াদের ভর্তির হার আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ কমেছে। অন্য দিকে, ভারতীয় ম্যানেজমেন্ট স্কুলগুলিতে বিদেশ থেকে পড়ুয়াদের আবেদন বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। মনে করা হচ্ছে, আমেরিকার ভিসা নীতির জটিলতার কারণেই সেখানে ভারতীয় পড়ুয়াদের ভর্তি হওয়ার প্রবণতা কমেছে।

Advertisement

২০২৫ সালে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলিতে যে আবেদন জমা পড়েছে, তা নিয়ে সমীক্ষা করেছে জিএমএসি। তাতে দেখা গিয়েছে, আমেরিকা, কানাডা, ব্রিটেনে বিদেশি পড়ুয়াদের ভর্তির সংখ্যা কমেছে। অন্য দিকে এশিয়া এবং বাকি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়াদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর প্রায় ৩৬১টি বিজনেস স্কুলে সমীক্ষাটি করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, এশিয়ার বিজনেস স্কুলগুলির ৫৪ শতাংশে আগের বছরের তুলনায় ২০২৫ সালে বিদেশি ছাত্র ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে। অন্য দিকে, আমেরিকার বিজনেস স্কুলগুলির দুই-তৃতীয়াংশে বিদেশি ছাত্রের ভর্তি কমেছে।

পরিসংখ্যান অনুসারে, আমেরিকার বিজনেস স্কুলগুলির মধ্যে ৯০ শতাংশই জানিয়েছে, টাকা জমা দিয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত ভর্তি হননি ভারতীয় পড়ুয়ারা। কারণ, মূলত ভিসা নিয়ে জটিলতা। ২০১৯ সালে আমেরিকা ছাড়া অন্যান্য দেশের পড়ুয়াদের মধ্যে ৫৭ শতাংশের প্রবণতা ছিল মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। ২০২৫ সালে ৪২ শতাংশ পড়ুয়ার প্রবণতা ছিল আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেখানে এশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলিতে পড়াশোনা করার ঝোঁক বেড়েছে বিদেশি পড়ুয়াদের। পশ্চিম ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে এই ঝোঁক একই রয়েছে, ৬৩ শতাংশ।

Advertisement

অন্য দিকে, ভারতে প্রতি পাঁচটি বিজনেস স্কুলের মধ্যে দু’টি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে যত বিদেশি পড়ুয়া পড়তে আসেন, বেশির ভাগই আমেরিকা থেকে। আগের বছরের তুলনায় ২০২৫ সালে ভারতীয় বিজনেস স্কুলগুলিতে বিদেশি পড়ুয়ার ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement