Hormuz

হরমুজ় পার করলে গুনতে হবে পরিষেবা কর! পরিকল্পনা ইরানের অন্দরে, তবে বন্ধুদেশগুলির জন্য ‘বিশেষ’ ব্যবস্থার ভাবনা

আমেরিকার সঙ্গে মউ স্বাক্ষরের পরেও ইরান জানিয়ে দেয়, হরমুজ় প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ কখনই শিথিল হচ্ছে না। অন্তত ৩০ দিন সেই নিয়ন্ত্রণ রাখার কথা প্রাথমিক ভাবে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১২:৫৫
Share:

হরমুজ় প্রণালী। — ফাইল চিত্র।

হরমুজ় প্রণালী পারাপারে পরিষেবা কর দিতেই হবে! নিজেদের দাবিতে অনড় ইরান। চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে জানান, হরমুজ় দিয়ে চলাচল করা জাহাজগুলির উপর নতুন কাঠামোয় পরিষেবা কর আরোপের পরিকল্পনা চলছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের সময় ইরান তাদের সমর্থনকারী দেশগুলিকে ‘বিশেষ’ সুবিধা দেওয়ার বিষয়টিও ভাবনাচিন্তা করছে।

Advertisement

বেজিঙে বিশ্ব শান্তি ফোরামে ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজ়া রহমানি হরমুজ় প্রণালীতে করের বিষয়টি জানান। তিনি বলেন, ‘‘কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে নতুন ব্যবস্থা স্থাপনের বিষয়ে কাজ করছে ইরান।’’ তিনি বুঝিয়ে দেন, বিনামূল্যে হরমুজ় প্রণালী পারাপারের কোনও সুযোগ নেই। কী ভাবে আর কত পরিমাণ পরিষেবা কর আদায় করা হবে, তা আলোচনা সাপেক্ষে স্থির করা হবে।

আমেরিকার সঙ্গে মউ স্বাক্ষরের পরেও ইরান জানিয়ে দেয়, হরমুজ় প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ কখনই শিথিল হচ্ছে না। অন্তত ৩০ দিন সেই নিয়ন্ত্রণ রাখার কথা প্রাথমিক ভাবে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্যবাহী জাহাজগুলি ৬০ দিনের জন্য হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। তবে সেই সময়কাল শেষ হলে কী হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা চলছে ইরানের। অনেকের মতে, চূড়ান্ত চুক্তিতে হরমুজ় প্রণালী সংক্রান্ত বিষয়ের স্পষ্ট ধারণা থাকতে পারে। তবে ইরান হরমুজ়ের উপর নিজের অধিকার ছাড়তে নারাজ।

Advertisement

আবদোলরেজ়ার কথায়, ‘‘হরমুজ় আমাদের জলসীমার অংশ। তাই অবশ্যই আমরা সেখানে পরিষেবা ফি ধার্য করব।’’ এ-ও জানান, এটা কোনও ‘টোল ফি’ নয়। ইরানের ন্যায্য অধিকার। তাঁর দাবি, ওই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ যাতায়াত, জাহাজ চলাচলের উপর পর্যবেক্ষণ এবং পরিবেশগত প্রভাব মোকাবিলার মতো পরিষেবাগুলি অন্তর্ভুক্ত থাকবে গৃহীত পদক্ষেপে। তার পরেই আবদোলরেজ়া বলেন, ‘‘যে সব দেশ আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে বা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করব।’’ প্রশ্ন, সেই তালিকায় কি ভারত পড়বে? পশ্চিম এশিয়ায় অশান্তির সময়ে হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে দিয়েছিল ইরান। তারা স্পষ্ট জানিয়েছিল, হরমুজ় প্রণালী দিয়ে কোনও জাহাজ পারাপার করতে দেবে না। কেউ জোর করে পার হওয়ার চেষ্টা করলে হামলার সম্মুখীন হবে। পরে কিছু দেশের জন্য সেই অবরোধ শিথিল করে ইরান। সেই তালিকায় জায়গা পেয়েছিল ভারতীয় জাহাজগুলিও। অনেকের মতে, নয়া ব্যবস্থা যদি চালু হয় সেখানে ভারত কিছু ছাড় পেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement