US Iran Conflict

‘ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, আমেরিকার সঙ্গে আমাদের কোনও বৈঠকই হয়নি’! ট্রাম্পের মন্তব্যের পর জবাব দিল ইরান

ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের সংঘর্ষে গত সাড়ে তিন সপ্তাহ ধরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘অবরুদ্ধ’ করে রেখেছে ইরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:০৭
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরে এমনটাই দাবি করল তেহরান। তাদের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েল চোরাবালিতে ফেঁসে গিয়েছে। তা থেকে বেরিয়ে আসার জন্যই ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি ইরানের।

Advertisement

ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ সমাজমাধ্যমে লেখেন, “আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। বরং, শেয়ার এবং তেলের বাজারে প্রভাব ফেলতে এটি করা হচ্ছে। আমেরিকা এবং ও ইজ়রায়েল যে চোরাবালিতে আটকে গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্যই ভুয়ো তথ্যকে ব্যবহার করছে।”

সোমবারই ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। প্রাথমিক পর্বে আলোচনা খুব ভাল এবং ফলপ্রসূ হচ্ছে বলেও দাবি করেন তিনি। জানান, এই আলোচনার গতি এবং ফলাফলের উপরেই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। এ কথা ঘোষণা করে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিকে ধ্বংস করার হুঁশিয়ারি থেকে কিছুটা পিছিয়ে আসেন তিনি। ঘোষণা করেন, আগামী পাঁচ দিন ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে হামলা করবে না আমেরিকা।

Advertisement

ট্রাম্প সুর নরম করলেও তা নিয়ে প্রাথমিক ভাবে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। বরং হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন হামলার জবাব দিতে পারস্য উপসাগর জুড়ে মাইন পাতা হবে। তার মধ্যে থাকবে নৌ-মাইনও। তবে পরবর্তী সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকারের বিবৃতিই স্পষ্ট করে দেয় তেহরানের অবস্থান।

ইরানের পার্লামেন্টের স্পিকারের এই মন্তব্যের পর কেউ কেউ ব্যাখ্যা করছেন, তিনি সম্ভবত সরাসরি বৈঠকের কথা বোঝাতে চেয়েছেন। ইউরোপীয় বিভিন্ন সূত্রও সেই ইঙ্গিতই দিয়েছে রয়টার্সকে। ওই সূত্রদের দাবি, সরাসরি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়নি ঠিকই। তবে ‘পরোক্ষ আলোচনা’ হয়েছে। মিশর, পাকিস্তান এবং উপসাগরীয় কয়েকটি দেশ গত কয়েক দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তা চালাচালির কাজ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement