Iran-US Conflict

‘যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, কূটনীতির নামে ছলনা করবেন না!’ দ্বিতীয় দফার বৈঠকের আগে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

আল জ়াজিরা-র প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজ়া তালায়ি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি কূটনীতির আড়ালে কোনও রকম ভনিতা করা হয় তা হলে তেহরান কড়া জবাব দেবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। যে কোনও সময় যা কিছু হতে পারে। তবে কূটনীতির আড়ালে আমেরিকা যেন ছলনা না করে। দ্বিতীয় দফার বৈঠকের আগে হুঁশিয়ারি দিল ইরান। আল জ়াজিরা-র প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজ়া তালায়ি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি কূটনীতির আড়ালে কোনও রকম ভনিতা করা হয় তা হলে তেহরান কড়া জবাব দেবে।’’

Advertisement

হরমুজ় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা নিয়েও কটাক্ষ করেন রেজ়া। প্রসঙ্গত, ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, হরমুজ় খুলতে রাজি হয়েছে ইরান। শুধু তা-ই নয়, আগামী দিনে কোনও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে এই জলপথকে কোনও ভাবে ঢাল হিসাবে ব্যবহার করবে না। ট্রাম্পের এই ঘোষণার পরেই পাল্টা জবাব দিলেন রেজ়া। তিনি বলেন, ‘‘লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির শর্তেই অসামরিক জাহাজকে হরমুজ় দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে।’’

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রশাসনের এক আধিকারিক আশা প্রকাশ করেছেন, আগামী দিনে ইরানের সঙ্গে প্রাথমিক সমঝোতার পথে হাঁটবেন তাঁরা। প্রসঙ্গত, আগামী সোমবার দ্বিতীয় দফার বৈঠকে রয়েছে আমেরিকা এবং ইরানের। ইসলামাবাদেই সেই বৈঠক হবে। কিন্তু বৈঠক শুরুর আগেই দু’দেশের মধ্যে ‘মাইন্ড গেম’ শুরু হয়ে গিয়েছে। কখনও ট্রাম্প হুমকি দিচ্ছেন, বৈঠক ফলপ্রসূ না হলে ইরানে আবার বোমাবর্ষণ করা হবে। কখনও আবার তিনি সুর বদলে বলছেন, ‘‘আশা প্রকাশ করছি, এই বৈঠক ফলপ্রসূ হবে। হরমুজ় পুরোপুরি উন্মুক্ত হবে। পশ্চিম এশিয়ার জন্য সুখবর বয়ে আনবে এই বৈঠক।’’ অন্য দিকে, ইরানও কিন্তু একের পর এক হুঁশিয়ারি এবং আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে চলেছে। শুধু তা-ই নয়, ট্রাম্প যে সব ঘোষণা করেছেন, সেগুলিকে সম্পূর্ণ খণ্ডন করছে তারা। এমনকি ট্রাম্পকে কটাক্ষ করেও বলা হয়েছে, ‘‘ফোন বন্ধ করে, বিবি (বেঞ্জামিন নেতানিয়াহু)-কে ব্লক করে, হালকা কিছু খেয়ে নিশ্চিন্তে ঘুমোন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement