Iran-Israel Conflict

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত? হামলার পরই ইজ়রায়েলের দাবিতে জল্পনা, মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা

সোমবার লারিজানি ঘোষণা করেন, আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশগুলির ঐক্যবদ্ধ হওয়া উচিত। তার পরই মঙ্গলবার লারিজানিকে নিশানা করার দাবি করল ইজ়রায়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৩৯
Share:

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। ছবি: সংগৃহীত।

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেই হামলায় তিনি নিহত হয়েছেন বলে সন্দেহ ইজ়রায়েলের। টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, একের পর এক হামলা চালানো হয়েছে তেহরান-সহ ইরানের বেশ কয়েকটি ঠিকানায়। নিশানায় ছিলেন ইরানের নিরাপত্তা প্রধানও। তবে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যম আল জাজ়িরা-র প্রতিবেদন অনুযায়ী, ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় দাবি করেছেন, লারিজানি নিহত হয়েছেন।

Advertisement

লারিজানিকে নিয়ে ইজ়রায়েলের দাবি প্রকাশ্যে এলেও, ইরান কিন্তু সেই দাবিকে খণ্ডন করেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আলি খামেনেইয়ের পর যদি ইরানের প্রভাবশালী কেউ হন, তা হলে তিনি লারিজানি। নিহত নেতা খামেনেইয়ের খুব কাছের লোক বলেও পরিচিত নিরাপত্তা প্রধান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সচিব লারিজানি। শুধু তা-ই নয়, ইরান প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-সহ সে দেশের প্রশাসনের দশ শীর্ষকর্তার ছবি প্রকাশ করে মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা। সেই তালিকার শীর্ষে রয়েছেন ইরানের নিরাপত্তা উপদেষ্টা। এ বার কি তা হলে সেই দশ জনকেই খুঁজে খুঁজে হত্যার পরিকল্পনা শুরু করল ইজ়রায়েল এবং আমেরিকা— প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

শুক্রবার তেহরানে একটি জনসভায় শেষ বার দেখা গিয়েছিল লারিজানিকে। তার পরই আমেরিকা ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষকর্তাদের তালিকা প্রকাশ করে মাথার দাম ঘোষণা করে। ইজ়রায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, বাসিজ রেজিসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিকেও নিশানা করা হয়েছে। এ বিষয়ে ইরান কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement

সোমবার লারিজানি ঘোষণা করেন, আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তার পরই মঙ্গলবার লারিজানিকে নিশানা করার দাবি করল ইজ়রায়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement