US Iran Tensions

আমিরশাহিতে ইরানের হামলার নিন্দা করলেন মোদী, ফোনালাপে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে জানালেন ভারতের উদ্বেগের কথা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের নতুন নেতারা আলোচনায় বসতে চাইছেন। কিন্তু সংঘর্ষ থামছে না। ইজ়রায়েল এবং আমেরিকার সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে ইরানের বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০০:০৫
Share:

অশান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পশ্চিম এশিয়ায়। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:৩৬ key status

ট্রাম্পের সতর্কবার্তা

রবিবার আমেরিকার সামরিক বাহিনী জানায়, ইরানে আমেরিকার হামলা চলাকালীন তিন জন মার্কিন সদস্য নিহত এবং আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, এই অভিযানটি এক মাস ধরে চলতে পারে।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:১৪ key status

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রনেতারা একজোট

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রনেতারা রবিবার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাঁরা ওই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে প্রস্তুত।

তাঁরা একটি বিবৃতিতে বলেছেন, “আমরা ওই অঞ্চলে আমাদের এবং আমাদের বন্ধুদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ করব। প্রয়োজনে যেখান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে, সরাসরি সেই উৎসস্থলেই পাল্টা হামলা চালানো হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা এই বিষয়ে আমেরিকা এবং ওই অঞ্চলের বন্ধুদের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছি।”

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:১০ key status

ইরানে সামরিক অভিযান চলবে, বললেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা ইরানের রেভোলিউশনারি গার্ডের স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ন’টি জাহাজ ও নৌভবন-সহ শত শত লক্ষ্যবস্তুতে আঘাত করেছি।” তাঁর দাবি, এই অভিযানে ইরানের সম্পূর্ণ সামরিক কমান্ড নির্মূল হয়ে গিয়েছে এবং অনেকেই আত্মসমর্পণ করতে চাইছেন। ট্রাম্প আরও জানান, যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে। বলেন, “আমাদের সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।”

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০১:৪৩ key status

ইজ়রায়েল, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহির নেতাদের সঙ্গে কথা বললেন ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সমাজমাধ্যমে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ়রায়েল, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন।

এক্স হ্যান্ডলে ক্যারোলিন লেখেন ,“আজ, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ়রায়েল, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন। টেক্সাসের অস্টিনে গুলি চালানোর ঘটনা সম্পর্কেও প্রেসিডেন্ট অবগত।”

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০১:৩১ key status

নেতানিয়াহু-মোদীর ফোনালাপ

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজ়রায়েলের যুদ্ধ নিয়ে পশ্চিম এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে ভারতের উদ্বেগের কথা এবং নাগরিকদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মোদী। নেতানিয়াহুর কাছে দ্রুত সংঘর্ষে ইতি টানার আবেদন জানিয়েছেন মোদী।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০১:০৯ key status

দু’দিনের জন্য শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরশাহির

পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির জেরে দু’দিনের জন্য দুবাই এবং আবু ধাবির শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহি। আবু ধাবি সিকিউরিটিজ় এক্সচেঞ্জ এবং দুবাই ফিনান্সিয়াল মার্কেট-সহ বাকি শেয়ার বাজার আগামী ২ মার্চ এবং ৩ মার্চ বন্ধ থাকবে।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০১:০৭ key status

তেহরানের হাসপাতালে ইজ়রায়েলি হামলা

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তেহরানের গান্ধী স্ট্রিট এলাকার একটি হাসপাতালে ইজ়রায়েল হামলা চালিয়েছে। তাঁরা জানান, হাসপাতালটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রোগীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০০:৩৯ key status

তেহরানে আমিরশাহির দূতাবাস বন্ধের ঘোষণা

রবিবার সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার এবং ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা করেছে।

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০০:১০ key status

আমিরশাহির পাশে দাঁড়িয়ে ইরানের হামলার নিন্দা মোদীর

সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ানের সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে সে কথা জানান মোদী। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র প্রেসিডেন্ট আমার ভাই শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরশাহির উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলায় নিহতদের জন্য আমার সমবেদনা রইল।”

তাঁর সংযোজন, “এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরশাহির পাশে আছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তাঁকে ধন্যবাদ। আমরা শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা সমর্থন করি।”

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২৩:০৬ key status

জখম এক ভারতীয়ও

সংযুক্ত আরব আমিরশাহিতে জখমদের মধ্যে এক ভারতীয়ও রয়েছেন বলে জানা যাচ্ছে। আবু ধাবিতে ভারতীয় দূতাবাস জানাচ্ছে, তাঁরা ওই ভারতীয়ের জখম হওয়ার বিষয়ে খবর পেয়েছে। তিনি যে হাসপাতালে ভর্তি রয়েছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে দূতাবাস। সমাজমাধ্যমে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই জখম ভারতীয় বর্তমানে বিপন্মুক্ত।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২৩:০৪ key status

সংযুক্ত আরব আমিরশাহিতে নিহত তিন!

সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানি হামলায় নিহত হয়েছেন অন্তত তিন জন। জখম হয়েছেন আরও ৫৮ জন। নিহতদের মধ্যে এক পাকিস্তানি, এক বাংলাদেশি এবং এক নেপালি রয়েছেন বলে জানা যাচ্ছে।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৫৮ key status

জারি আমেরিকা-ইরান সংঘর্ষ

রবিবারই মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালায় ইরান। যদিও মার্কিন সেনার দাবি, তাদের রণতরী অক্ষতই রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ধারেকাছে ঘেঁষতে পারেনি বলে দাবি আমেরিকার। অন্য দিকে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হানার কিছু ক্ষণ পরেই জানা যায়, ওমান উপসাগরের কাছে একটি ইরানি জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনা। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৫৭ key status

আলোচনায় বসতে চায় ইরান: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের নতুন নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চান। এই প্রস্তাবে তিনিও রাজি হয়েছেন বলে দাবি ট্রাম্পের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement